২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজে এগিয়ে পাকিস্তান

মিসবাহ উল হকের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে চতুর্থ একদিনের খেলায় পকিস্তান ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিসবাহ উল হকের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে চতুর্থ একদিনের খেলায় পকিস্তান ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ন্যাপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে করে ২৬২ রান। রান তাড়া করতে গিয়ে ৮ উইকেটে জয়ের লক্ষ্য ২৬৩ টপকে ২৬৪ রানে পৌঁছে যায় পাকিস্তান। তখনো হাতে ছিল ৬ বল। পাকিস্তান ৮৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসলেও মিসবাহ উল হক ও ইউনুস খান চতুর্থ উইকেট জুটিতে ৮৯ রান করে জয়ের পথে অনেকটাই এগিয়ে নেন দলকে। দলীয় ১৭৩ রানের মাথায় ইউনুস সাজঘরে ফিরে যান ৪২ রান করে। তার ৬৩ বলের ইনিংসে ৪ রয়েছে একটি। এরপর জয়ের ঠিকানায় পৌঁছানোর পথে আরো চার ব্যাটসম্যান বিদায় নিলেও এক প্রান্তে মিসবাহ ছিলেন অটল। ৯১ বলে ৯৩ রান করেন তিনি। তার হার না মানা ইনিংসে ৪ রয়েছে সাতটি ও ছক্কা একটি। আক্ষরিক অর্থেই উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ (৪২ রান) ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান মোটেও সুবিধা করতে পারেননি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে স্কট স্টাইরিস ৩ উইকেট নেন ৪০ রানে। এছাড়া ২টি করে উইকেট নেন ভেট্টোরি ও হ্যামিস বেনেট। এ জন্য দু'জনই রান দেন ৪৮ করে। এর আগে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে নিউজিল্যান্ড। ৪০ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিলের বিদায়ের পর শুরু হয়ে যায় ব্যাটসম্যানদের উইকেটে যাওয়া ও ফিরে আসার পালা। দলের সঙ্গে আর ৩৯ রান যোগ হতেই ফিরে যান পাঁচ ব্যাটসম্যান। তাদের মধ্যে ২০-এর ঘরে যেতে পেরেছেন কেবল গুপটিল। ১৭ বলে রান করেন ২১। চার মারেন ৩টি। ছক্কা একটি। ৭৯ রানে পাঁচ উইকেট হারানোর পর ইনিংস মেরামতের কাজে নামেন জেমস ফ্রঙ্কলিন ও ব্রেন্ডন ম্যাককালাম। হাঁটতে থাকেন লড়াই করার মতো পুঁজি গড়ে তোলার পথে। দলের সঙ্গে ৬২ রান যোগ করে কিছুটা হলেও পথে ফিরিয়ে আনেন তাদের ইনিংসকে। দলীয় ১৪১ রানের মাথায় ব্রেন্ডন (৩৭) ফিরে গেলেও খেলে যেতে থাকেন ফ্রাঙ্কলিন। আদায় করে নেন একদিনের ক্রিকেট-জীবনের চতুর্থ অর্ধ-শতক। ২০৫ রানের মাথায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে করেন ৬২। তিনি তার ৭৫ বলের ইনিংসটি সাজান ৭টি চার দিয়ে। ইনিংসের শেষের দিকে নাথান ম্যাককালাম ও অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি দলের সঙ্গে ৫৭ রান যোগ করলে লড়াই করার মতো পুঁজি পায় নিউজিল্যান্ড। ম্যাককালাম অপরাজিত থাকেন ৫৩ রানে। অপর প্রান্তে ১৩ রানে অপরাজিত ছিলেন ভেট্টোরি। পাকিস্তানের বোলারদের মধ্যে ওয়াহাব রিয়াজ ৩ উইকেন নেন ৫১ রানে। এছাড়া ৩ উইকেট ভাগাভাগি করে নেন আব্দুল রাজ্জাক, মোহাম্মদ হাফিজ ও অধিনায়ক শহিদ আফ্রিদি। আর রান-আউট হন একজন। সেরা খেলোয়াড় হয়েছেন মিসবাহ। টানা দুই খেলায় জিতে ছয় ম্যাচের একদিনের সিরিজে ২-১ এগিয়ে গেল পাকিস্তান। পঞ্চম খেলা হবে হ্যামিল্টনে ৩ ফেব্র"য়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬৩৩ ঘ.