২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিও টেন্ডুলকারের শতকের অপেক্ষায়

মেলবোর্নে ভক্তদের আরো একবার হতাশ করে শততম শতকের দেখা পাননি। তবে ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে শচীন টেন্ডুলকার অর্জনটা স্পর্শ করতে পারলে দারুণ হবে ব্যাপারটা। ম্যাচটা যে হতে যাচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডেরও (এসসিজি) শততম টেস্ট!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেলবোর্নে ভক্তদের আরো একবার হতাশ করে শততম শতকের দেখা পাননি। তবে ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে শচীন টেন্ডুলকার অর্জনটা স্পর্শ করতে পারলে দারুণ হবে ব্যাপারটা। ম্যাচটা যে হতে যাচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডেরও (এসসিজি) শততম টেস্ট! গত ১২ মার্চ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৯তম শতক পাওয়ার পর ২৯৩ দিন ও ১৯ ইনিংস তিন অংক ছুঁতে পারেননি টেন্ডুলকার। ক্রিকেট-ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের কাঁধে তাই এখন পাহাড়-সমান চাপ। প্রতিবার ব্যর্থ হওয়ার সঙ্গে-সঙ্গে চাপটা বেড়ে যাচ্ছে আরো। সিডনিতে অতীত-অভিজ্ঞতা অবশ্য টেন্ডুলকারকে অনুপ্রাণিত করবেই। এসসিজিতে চার টেস্টে তিনটি শতকসহ ২২১.৩৩ গড়ে ৬৬৪ রান করেছেন তিনি। যার মধ্যে আছে ৮ বছর আগের অপরাজিত ২৪১ রানের অসাধারণ ইনিংসও। এখনো অবশ্য সিডনি টেস্টের প্রথম দিনের সব টিকেট বিক্রি হয়নি। পিটার সিডল প্রথম টেস্টের দুই ইনিংসেই টেন্ডুলকারকে ফিরিয়ে দিয়ে অসাধারণ অর্জনটার অপেক্ষায় রেখেছেন ক্রিকেট বিশ্বকে। এসসিজি ট্রাস্টের সভাপতি রডনি ক্যাভালিয়ারের দৃঢ় বিশ্বাস, এটাই সিডনি টেস্টের প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে দেবে। তিনি বলেন, “নিঃসন্দেহে এটাই টিকেট বিক্রি বাড়িয়ে দেবে অনেকখানি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৩ঘ.