ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম শতক করার কৃতিত্ব জহুরুল ইসলামের। তার চমৎকার ইনিংসের ওপরে ভর করে শুক্রবার বাংলাদেশ বিমানকে ২১ রানে হারিয়েছে ভিক্টোরিয়া। দিনের অন্য দুই ম্যাচে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ৩৮ রানে কলাবাগান ক্রীড়া চক্রকে এবং ওল্ড ডিওএইচএস ৫ উইকেটে সূর্যতরুণকে হারিয়েছে।
ভিক্টোরিয়া-বিমান
ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জহুরুলের শতক এবং তামিম ইকবাল ও কামরান সাজিদের অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ৩১১ রান করে ভিক্টোরিয়া। জবাবে অভিষেক মিত্র, জুনায়েদ সিদ্দিক ও জাভেদ ওমর বেলিম অর্ধশতক করলেও ৯ উইকেটে ২৯০ রানে থেমে যায় বিমানের ইনিংস।
তামিম ও আহমেদ শেহজাদের (৩৩) ৫০ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে জহুরুলের সঙ্গে তামিমের ১২৯ রানের দারুণ এক জুটি বড় সংগ্রহের পথে এগিয়ে দিয়েছে ভিক্টোরিয়াকে। আউট হওয়ার আগে ৭৪ রান করেন তামিম।
তৃতীয় উইকেটে জহুরুল ও কামরানের কাছ থেকে ১০৮ রানের আরেকটি দুর্দান্ত জুটি উপহার পায় ভিক্টোরিয়া। ১১৩ বলে ১০টি চার ও দুটি ছক্কায় ১০৫ রান করেন জহুরুল। আর কামরানের ব্যাট থেকে আসে মাত্র ৩৯ বলে চারটি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ ৫৭ রানের এক ঝড়ো ইনিংস।
৬৬ রানে ৩ উইকেট নেন শহীদ।
জবাবে বিমানকে দারুণ সূচনা এনে দেন অভিষেক ও জুনায়েদ। উদ্বোধনী জুটিতে তাদের অবদান ১৫৮ রান। ৩১তম ওভারের প্রথম বলে আউট হওয়া জুনায়েদ করেন ৭১ রান। তার ৮২ বলের ইনিংসে ৫টি চার ও দুটি বিশাল ছক্কা। দলীয় সংগ্রহে ১১ রান যোগ হওয়ার পর তাকে অনুসরণ করেন অভিষেকও (৮৪)। ১০১ বলের ইনিংসে ১০টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি।
দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর অধিনায়ক জাভেদ ওমর ছাড়া বিমানের আর কোনো ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। শেষ ওভারে আউট হওয়া জাভেদ ৫৪ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৬৪ রান করেন। মোশারফ হোসেন ৩ উইকেট নেন ৪৭ রানে।
সিসিএস-কলাবাগান
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিসিএসকে ব্যাট করার আমন্ত্রণ জানায় কলাবাগান। জুুবায়ের আহমেদ ও সুলেমান খানের অর্ধশতকের সুবাদে ৪৭ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ২০৪ রান করে সিসিএস। জবাবে প্রতিপক্ষের মতো ঠিক ৪৭ ওভার ৫ বল খেললেও ১৬৬ রানের বেশি করতে পারেনি কলাবাগান।
২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক সময় কলাবাগানের স্কোর ছিলো ১৪০/৫। কিন্তু জয়ের সম্ভাবনা জাগিয়েও মাত্র ২৬ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সর্বোচ্চ ৪৯ রান করেন রিফাত উল্ল¬াহ। ১৮ রানে ৪ উইকেট নেয়া সুলেমান সিসিএসের সেরা বোলার।
এর আগে ব্যাট হাতেও দলের কান্ডারী সুলেমান। ৮৯ রানে ৬ উইকেট হারানো সিসিএসকে তিনি বিপদ থেকে উদ্ধার করেন জুবায়েরকে সঙ্গে নিয়ে। সপ্তম উইকেটে দুজনের ৯৮ রানের জুটি লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় সিসিএসকে। ৭৪ বলে ৬টি চার ও তিনটি ছক্কাসহ ৬৭ রান করেন সুলেমান। জুুবায়েরের ৭৮ বলে খেলা ৫২ রানের ইনিংসে ৩টি চার।
কলাবাগানের পক্ষে শাহাদাত হোসেন ৩ উইকেট নেন ৫৫ রানে।
ওল্ড ডিওএইচএস-সূর্যতরুণ
বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ১৮৯ রান করে অলআউট হয়ে যায় সূর্যতরুণ। জবাবে নাসির জামশেদের অর্ধশতকের সুবাদে ৪৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওল্ড ডিওএইচএস।
জামশেদের ৬৯ বলে খেলা ৮৪ রানের আক্রমণাত্মক ইনিংস সাজানো ছিলো ৯টি চার ও দুটি ছক্কায়। এছাড়া অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ২৭ ও ফয়সাল হোসেন ২১ রান করেন ওল্ড ডিওএইচএসের পক্ষে। তানভীর হায়দার ৩৪ ও জুহাইব খান ১১ রানে অপরাজিত থেকে দলকে এনে দেন সহজ জয়।
সূর্যতরুণের পক্ষে শফিউল ইসলাম ২ উইকেট নেন ৩৪ রানে।
এর আগে সূর্যতরুণকে প্রায় একাই টেনেছেন ১২০ বলে ১০টি চারসহ ৭১ রান করা খুররাম মঞ্জুর। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান তৈয়বুর রহমানের।
১৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে এনামুল হক ওল্ড ডিওএইচএসের সফলতম বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৭ঘ.
bdnews24