ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় দিনশেষে বীরেন্দর শেবাগ বলেছিলেন, তিন শ রানের নিচে লক্ষ্য হলে প্রথম টেস্টে তাদের পক্ষে জয় পাওয়া সম্ভব। মেলবোর্নে ভারতের সামনে লক্ষ্য ছিলো ২৯২ রানের। কিন্তু তার ধারে-কাছেও যেতে পারেনি তারা। বৃহস্পতিবার চতুর্থ দিন চা-বিরতির ঘন্টা খানেক পর ১৬৯ রানেই থেমে গেছে অতিথিদের দ্বিতীয় ইনিংস। ১২২ রানের জয় দিয়ে চার টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) স্বাগতিকদের জয়ের তিন রূপকার জেমস প্যাটিনসন, বেল হিলফেনহস ও পিটার সিডল। তৃতীয় দিনশেষে ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো দুদিকে দুলতে থাকলেও চতুর্থ দিনে এই তিন পেসারের তোপের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপ।
শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভারত। দলীয় ১৭ রানে বীরেন্দর শেবাগের (৭) বিদায়ের মাধ্যমে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের পতনের সূচনা।
এরপর একে একে তাকে অনুসরণ করেন গৌতম গম্ভীর (১৩), রাহুল দ্রাবিড় (১০), ভিভিএস লক্ষ্মণ (১), বিরাট কোহলি (০) ও শচীন টেন্ডুলকার (৩২)।
৮১ রানে ৬ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যাওয়া ভারত আর ঘুরে দাঁড়াতে পারেনি। সপ্তম উইকেটে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২৩) ও রবিচন্দ্রন অশ্বিনের (৩০) ৩৬ এবং শেষ উইকেটে উমেশ যাদব (২১) ও ইশান্ত শর্মার (৬*) মধ্যে গড়ে ওঠা ২৭ রানে দুটো জুটি শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে অতিথিদের।
৫৩ রানে চার উইকেট নেয়া প্যাটিনসন অস্ট্রেলিয়ার সেরা বোলার। ম্যাচ-সেরাও মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা এই ডানহাতি পেসার। ৪২ রানে সিডলের শিকার তিনটি, আর ৩৯ রানের বিনিময়ে হিলফেনহসের দুই উইকেট।
এর আগে ৮ উইকেটে ১৭৯ রান নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ২৪০ রান পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার প্রধান কৃতিত্বও প্যাটিনসনের। তৃতীয় দিনশেষে ৭৯ রানে অপরাজিত মাইকেল হাসি বৃহস্পতিবার বেশি দূর যেতে পারেননি, আর ১০ রান করে জহির খানের বলে কট বিহাইন্ড হয়ে গেছেন।
তবে তিন রান নিয়ে ব্যাট করতে নামা প্যাটিনসন তাতে দমে যাননি। হিলফেনহসকে (১৪) নিয়ে শেষ উইকেটে ৪৩ রানের মহামূল্যবান জুটি গড়েছেন তিনি। শেষ পর্যন্ত ৩৭ রান করে অপরাজিত থেকে যান প্যাটিনসন।
সিডনিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএআর/১৭২০ঘ.
bdnews24