২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফিটনেস’ নিয়ে শঙ্কা ঝেড়ে ফেলে দিলেন ধোনি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে খেলোয়াড়দের খেলার মতো সুস্থ্যতা নিয়ে শঙ্কা ঝেড়ে ফেলে দিয়েছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 09:38 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে খেলোয়াড়দের খেলার মতো সুস্থ্যতা নিয়ে শঙ্কা ঝেড়ে ফেলে দিয়েছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শনিবার তিনি বলেন, দলের সব খেলোয়াড় এখন ‘ফিট’। দু’টো প্রস্তুতি ম্যাচের কারণে তারা ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছেন। বক্সিং ডে টেস্টে শুরুটা অবশ্যই ভালো করতে হবে বলে তিনি মনে করেন। ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচের পর ভারতের পেস আক্রমণের মূল অস্ত্র জহির খান ও ইশান্ত শর্মার খেলার মতো সুস্থতা নিয়ে শঙ্কা দেখা দেয়। হ্যামস্ট্রিংয়ের চোটে বহুদিন ভোগেন জহির। আর শর্মা তার গোড়ালির অস্ত্রোপচার অস্ট্রেলিয়া সফরের পর করার সিদ্ধান্ত নিয়েছেন। ধোনি বলেন, এই দুই পেসারকে সুস্থ রাখার জন্য সম্ভাব্য সব ধরনের পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া তারা দু’জনও নিজেদের খেলার মতো সুস্থ রাখার জন্য মাঠের বাইরে যা করা প্রয়োজন তা করছেন। অনুশীলনেও প্রচুর ঘাম ঝরাচ্ছেন তারা। সফরের মধ্যে চোট পেয়ে তারা আবার দর্শক হয়ে যাবেন না বলে তিনি আশা করছেন। ভারত অধিনায়ক বলেন, “প্রতিপক্ষের চেয়ে বেশি সেসনে আমরা ভালো করতে চাই। যদি আমরা বেশি সেসনে ভালো করি, তাহলে আমরাই ম্যাচ জিতবো।” ধোনি এই সিরিজকে বিতর্ক-মুক্ত রাখতে চান। একই সঙ্গে সিরিজকে আকর্ষণীয় করেও তুলতে চান তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে গত সিরিজে হরভজন সিং ও অ্যান্ড্রু সাইমন্ডস সিডনি টেস্টে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন। পরে সিরিজের সব খেলায় এর উত্তাপ ছড়িয়ে পড়েছিল। শচীন টেন্ডুলকারের শততম শতক নিয়ে আবেগ ও উত্তেজনাকে বড় করে দেখছেন না ধোনি। তিনি বলেন, “এই টেস্টে কিংবা পরের টেস্টে, এই সিরিজে কিংবা পরের সিরিজে টেন্ডুলকার শততম শতকের দেখা পেয়ে যাবেন। খেলতে খেলতেই তিনি এটা পেয়ে যাবেন। তবে শিগগির তিনি শততম শতকের দেখা পেলে প্রত্যেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।” প্রথম টেস্টের মাঠ সম্পর্কে ভারত অধিনায়ক বলেন, “সত্যিই, এটা বিশাল মাঠ। ফিল্ডার দ্রুত দৌড়াতে না পারলে এই মাঠে দৌড়ে চার, এমন কি, পাঁচ রান নেয়াও সম্ভব।” “এই মাঠে দৌড়ে প্রচুর এক রান নেয়া সম্ভব। এই এক রান নিয়ে ফিল্ডারদের চাপে ফেলতে হবে,” যোগ করেন ধোনি। “তাই ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ,” বলেন তিনি, “আউটফিল্ডে ফিল্ডিং করার মতো কয়েকজন ভালো ফিল্ডার আমাদের আছে। সেই সঙ্গে স্লিপে ক্যাচ লোফার বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। চার টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে ২৬ ডিসেম্বর মেলবোর্নে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২৬ ঘ.