ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম) - বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর এবার পাকিস্তানের প্রধান কোচ হতে যাচ্ছেন, আর জুলিয়ান ফন্টেইন দায়িত্ব নিতে যাচ্ছেন ফিল্ডিং কোচের-খবরটা এখনো পাকা নয়। তবে পাকা খবর হলো চুক্তির শর্ত নিয়ে আলোচনার জন্য দু’জনরই পাকিস্তান যাওয়ার কথা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চিফ অপারেটিং অফিসার ইএসপিএনক্রিকইনফোকে বলেন, “আমরা হোয়াটমোরের সঙ্গে আলোচনা করছি। আগামী মাসে তাকে পাকিস্তান আসার আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি তার সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারবো।”
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন হোয়াটমোর। পিসিবি’র কোচ খুঁজে বের করার জন্য গঠিত কমিটির সঙ্গে গত কয়েক মাস ধরে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি উভয় পক্ষ।
ধারণা করা হচ্ছে, কমিটি ব্যাটিং ও বোলিং’র দিকটা দেখভাল করার জন্য দেশী কোচ নিয়োগের পক্ষে। তবে প্রধান কোচের দায়িত্ব হোয়াটমোর ও ফিল্ডিং কোচের দায়িত্ব ফন্টেইনকে দিতে আগ্রহী।
হোয়াটমোরের সঙ্গে নাইট রাইডার্সের চুক্তি ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত। আগামী বছরের আইপিএল পর্যন্ত তিনিও দলের সঙ্গে থেকে যেতে চান। প্রতিযোগিতাটি শেষ হবে মে মাসে। মূলত, এ কারণেই পিসিবি নতুন ‘কোচিং স্টাফ’ চূড়ান্ত করছে না। ইংল্যান্ড সিরিজের জন্য এ মাসের প্রথম দিকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে মোহসীন খানের নাম ঘোষণা করা হয়।
এর আগে ২০০১ ও ২০০৬ সালে রিচার্ড পাইবাস ও বল উলমারের অধীনে ফন্টেইন পাকিস্তান দলের সঙ্গে কাজ করেন। ২০১০ সালের অগাস্ট থেকে এ বছরের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৫১ ঘ.
bdnews24