ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হককে দুর্বল প্রতিপক্ষের সঙ্গে আরো আক্রমণাত্মক হওয়ার পরামর্শ দিয়েছেন জহির আব্বাস। পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের ধারণা, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তান তেমন আক্রমণাত্মক ছিলো না।
জহির আব্বাস বলেন, “অধিনায়কের মনোভাব নেতিবাচক হলে তিনি দীর্ঘ দিন টিকে থাকতে পারবেন না। প্রতিযোগিতামূলক ক্রিকেটে টিকে থাকতে হলে ইতিবাচক ও আক্রমণাত্মক মানসিকতা খুবই প্রয়োজন।”
আগামী বছর পাকিস্তান সফরের বিনিময়ে আইসিসির সহ-সভাপতি নির্বাচনে বাংলাদেশকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমর্থন দেয়া নিয়েও তিনি উদ্বিগ্ন।
তিনি বলেন, “আমার ধারণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর ভারতের প্রভাব আরো বেড়ে যেতে পারে। এটা খুবই উদ্বেগজনক। আইসিসি সভাপতি পদে পিসিবির সমর্থন পাওয়ার পর ওই প্রভাবের কারণে বাংলাদেশ হয়তো পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত বদল করতেও পারে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৮ঘ.
bdnews24