২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর জয়, ড্র হয়েছে খুলনা ও সিলেট ম্যাচ

ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় পর্বের খেলার চতুর্থ দিনে ঢাকা মেট্রোকে ৯ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। ড্র হয়েছে খুলনা ও সিলেটের মধ্যকার ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় পর্বের খেলার চতুর্থ দিনে ঢাকা মেট্রোকে ৯ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। ড্র হয়েছে খুলনা ও সিলেটের মধ্যকার ম্যাচ। ড্র ম্যাচে খুলনার প্রাপ্তি মিথুন আলীর জোড়া শতক। তবে তাকেও ছাড়িয়ে গেছেন সিলেটের এনামুল হক জুনিয়র। খুলনার শেষ ব্যাটসম্যান আলামিন হোসেনকে আউট করে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক হলেন তিনি। তিনি খেলেছেন ৭৭টি ম্যাচ। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২০ বার আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৪ বার। রাজশাহী-ঢাকা মেট্রো সিলেটে বিফলে গেছে ঢাকা মেট্রোর মেহরাব হোসেনের শতক। ৪ উইকেটে ২০২ রান নিয়ে বুধবার চতুর্থ দিনের খেলা শুরু করে মেহরাবের ১০১ রানের পরও দ্বিতীয় ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। এতে জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭২ রান। মেহরাবের ২৫৩ বলের ইনিংসে ৮টি চার ও দুটি ছক্কা। এছাড়া মার্শাল আইয়ুব ৪৩ রান করেন। রাজশাহীর পক্ষে ৪টি করে উইকেট নেন মুক্তার আলী ও ফরহাদ রেজা। এ জন্য মুক্তার দেন ৩৯ রান। ফরহাদ ৬৯। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে জহুরুল ইসলামের উইকেটটি হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। মিজানুর রহমান ২৭ ও সুলেমান খান ৩৬ রানে অপরাজিত থাকেন। খুলনা-সিলেট চট্টগ্রামে প্রথম ইনিংসে ১০৯ রান করেন মিথুন। চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসেও করেন ঠিক ১০০ রান। যদিও মিথুনের শতকের পরও ২৭১ রানে অলআউট খুলনা। ফলে জয়ের জন্য সিলেটের লক্ষ্য দাঁড়ায় ৩২২ রান। লক্ষ্য তাড়া করতে নেমে খুলনার বোলারদের বোলিং তোপে এক পর্যায়ে ৯৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসে সিলেট। মনে হচ্ছিলো জিততে যাচ্ছে খুলনা। কিন্তু সেখান থেকে রাজিন সালেহ দলকে বাঁচান। শেষ পর্যন্ত তার দৃঢ়তার দিন শেষে সিলেটের সংগ্রহ ৭ উইকেটে ১৬৪ রান। ফলে ম্যাচ ড্র হয়। সালেহ ৬৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া গোলাম মাবুদ ৩০ ও এনাম ২২ রান করেন। খুলনার পক্ষে ডলার মাহমুদ ৪ উইকেট নেন ৩৭ রানে। এর আগে ৮ উইকেটে ২৪২ রান নিয়ে দিনের খেলা শুরু করে খুলনা। আগের দিন ৮০ রানে অপরাজিত মিথুন আর ২০ রান যোগ করে শতকে পৌঁছেই সাজঘরের পথ ধরেন। সিলেটের পক্ষে এনামুল ৫ উইকেট নেন ৯৫ রানে। ২৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের তৃতীয় ও শেষ পর্বের খেলা শুরু হবে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে খেলবে ঢাকা মেট্রো। ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিলেট খেলবে রাজশাহীর বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯৩১ ঘ.