ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম্ভাবনা জাগিয়েও ম্যাচ বাঁচাতে ব্যর্থ হলো বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন বুধবার পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যায় তারা।
এ জয়ের ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল পাকিস্তান।
নাসির হোসেন ও মুশফিকুর রহিমের অর্ধশতকের পরও দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে জয়ের জন্য সফরকারীদের লক্ষ্য দাঁড়ায় ১০৩ রান। পঞ্চম দিনের খেলা বাকি ৪০ ওভার। ২০ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে ওই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
তৌফিক উমর ৩, মোহাম্মদ হাফিজ ৪৭ ও আজহার আলী ৩৪ রান করেন। ইউনুস খান অপরাজিত থাকেন ১৬ রানে। ইলিয়াস সানির বলে ছক্কা মেরে দলকে জয় এনে দেয়া অধিনায়ক মিসবাহ-উল-হক অপরাজিত থাকেন ৬ রানে।
এর আগে ৫ উইকেটে ১১৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে সকাল সাড়ে দশটায় খেলা শুরু হয়। শুরু থেকেই সাবধানী ছিলেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান নাসির ও মুশফিক। তারা যেভাবে ব্যাট করছিলেন তাতে এক সময় মনে হচ্ছিল ম্যাচ বাঁচানো সম্ভব।
দিনের প্রথম সেশন অবিচ্ছিন্ন থেকে দলের সংগ্রহে ৮৬ রান যোগ করেন তারা। মধ্যাহ্ন-বিরতির পর প্রথম ৫ ওভার দেখেশুনেই খেলেন দুই ব্যাটসম্যান। কিন্তু ষষ্ঠ ওভারের (খেলার ৭০তম) চতুর্থ বলে নাসির বিদায় নিলে খেলার চিত্র পাল্টে যায়। আব্দুর রেহমানের বলে বোল্ড হওয়ার আগেই অবশ্য নিজের প্রথম টেস্ট অর্ধশতক আদায় করে নেন তিনি। ১৭২ বলে নাসিরের ৭৯ রানের ইনিংসে চার ১১টি।
ষষ্ঠ উইকেটে মুশফিকের সঙ্গে ১১৭ রানের জুটি গড়েছিলেন নাসির। ষষ্ঠ উইকেটে এটি বাংলাদেশের পক্ষে চতুর্থ শত রানের জুটি। পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।
দলীয় ২১২ রানে নাসিরের বিদায়ের পর আবারো সেই পুরনো চিত্র। মাত্র ২২ রানে বাকি ৪টি উইকেট হারায় স্বাগতিকরা। শুরুটা হয় মুশফিককে (৫৩) দিয়ে। অর্ধশতকে পৌঁছানোর পরপরই সাজঘরের পথ ধরেন তিনি। এর পর আর এগোয়নি স্বাগতিকদের ইনিংস। দলের শেষ চার ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
পাকিস্তানের পক্ষে রেহমান ৪ উইকেট নেন ৫১ রানে। এছাড়া সাঈদ আজমল ৫৫ রানে নেন ২ উইকেট। বাংলাদেশের এগারো নম্বর ব্যাটসম্যান রবিউল ইসলামকে ফিরিয়ে দিয়ে চলতি বছরের নিজের ৫০তম টেস্ট উইকেট তুলে নেন আজমল।
প্রথম ইনিংসে পাকিস্তান করে ৪৭০ রান। বাংলাদেশ করে ৩৩৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৬২৪ ঘ.
bdnews24