২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেগ চ্যাপেলের প্রতি আবার সৌরভের বিষোদগার

ভারতের সাবেক অধিনায়ক ও কোচ সৌরভ গাঙ্গুলী ও গ্রেগ চ্যাপেলের মধ্যে কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো না। গ্রেগ চ্যাপেলের প্রতি আবার বিষোদগার করে দ্বন্দ্বটা আরো বাড়িয়ে দিলেন সৌরভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের সাবেক অধিনায়ক ও কোচ সৌরভ গাঙ্গুলী ও গ্রেগ চ্যাপেলের মধ্যে কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো না। গ্রেগ চ্যাপেলের প্রতি আবার বিষোদগার করে দ্বন্দ্বটা আরো বাড়িয়ে দিলেন সৌরভ। গুঞ্জন শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের আসন্ন টেস্ট সিরিজে শচীন টেন্ডুলকারসহ ভারতের তারকা ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের সব রহস্য অস্ট্রেলিয়ার বোলারদের জানিয়ে দেবেন চ্যাপেল। এ প্রসঙ্গে সৌরভ বলেন, “ভারতীয় দলের জন্য তো এটা সুখবর!” পিটিআইকে তিনি আরো বলেন, “তিনি (গ্রেগ চ্যাপেল) নির্বাচক এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট একাডেমির প্রধান ছিলেন। কিন্তু ঐ দুই দায়িত্ব থেকে তাকে ছুড়ে ফেলা হয়েছে। যখন তিনি ভারতে এসেছিলেন, তখন বলা হয়েছিলো তার অস্ট্রেলীয় মন-মানসিকতা ভারতের জন্য কোনো সমস্যার সৃষ্টি করবে না। কিন্তু তিনি দলের কোনো কাজে আসেননি।” “তাই আমি তার অস্ট্রেলিয়া দলের সঙ্গে জড়িয়ে পড়ার কথা শুনে খুব খুশি হয়েছি। এটা ভারতের জন্য সুখবর,” যোগ করেন তিনি। সৌরভের ধারণা, ভারতের কোচ হিসেবে গ্রেগ চ্যাপেল ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০৪ঘ.