ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক ম্যাচ পরেই আবারো বাংলাদেশ টেস্ট দল থেকে বাদ পড়লেন মোহাম্মদ আশরাফুল। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে জায়গা হয়নি বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এ ক্রিকেটারের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার রাত এগারোটার দিকে দল ঘোষণা করে। এর আগে ঐ দিন সকালেও দলের সঙ্গে অনুশীলন করেন আশরাফুল।
জ্বরের কারণে প্রথম টেস্ট খেলা হয়নি অলরাউন্ডার নাঈম ইসলামের। সুস্থ হয়ে তার দলে ফেরা অনুমিতই ছিল। আশরাফুলের বদলে দলে ফিরেছেন তিনি।
প্রত্যাবর্তনটা মোটেও সুখকর হয়নি আশরাফুলের। চট্টগ্রামে প্রথম ইনিংসে ১ রান করতে পারলেও দ্বিতীয় ইনিংসে ফেরেন শূন্য রানে।
নির্বাচকরা আগেই দল তৈরি করে রাখলেও বিসিবি সভাপতির অনুমোদনের বাধ্যবাধকতা থাকায় আগে দল ঘোষণা করা হয়নি। এসিসির বৈঠক শেষে বিসিবি সভাপতি বৃহস্পতিবার রাতে ঢাকা ফিরলে তার অনুমোদন সাপেক্ষে দল ঘোষণা করা হয়।
প্রথম টেস্টের তৃতীয় দিন ডান কাঁধে চোট পাওয়া রুবেল হোসেনের বদলে টেস্ট দলে ফিরেছেন শফিউল ইসলাম। গোড়ালির চোটের কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জিম্বাবুয়ে সফরের পর থেকে টেস্ট দলের বাইরে ছিলেন শফিউল। তার ফেরাটাও একরকম প্রত্যাশিত।
১৭ ডিসেম্বর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম টেস্টে ইনিংস ও ১৮৪ রানে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগিতকরা।
দল: মুশফিকুর রহিম (অধিনায়ক/উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, নাজিমউদ্দিন, শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, নাঈম ইসলাম, নাসির হোসেন, ইলিয়াস সানি, শাহাদাত হোসেন, সোহরাওয়ার্দী শুভ, রবিউল ইসলাম, নাজমুল হোসেন ও শফিউল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫০ ঘ.
bdnews24