২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার লক্ষ্যে ভিক্টোরিয়ায় সাকিব-তামিম

সবাই অনুমান করছিলো মোহামেডানে যোগ দেবেন তারা। কিন্তু সাকিব আল হাসান ও তামিম ইকবাল এবারের প্রিমিয়ার ক্রিকেটে খেলার জন্য যোগ দিয়েছেন বড় বাজেটের দল ভিক্টোরিয়ায়। এই দুই তারকাকে পেয়ে ভিক্টোরিয়ার নতুন সভাপতি লুৎফর রহমান বাদল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানালেন, শিরোপাই তাদের লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সবাই অনুমান করছিলো মোহামেডানে যোগ দেবেন তারা। কিন্তু সাকিব আল হাসান ও তামিম ইকবাল এবারের প্রিমিয়ার ক্রিকেটে খেলার জন্য যোগ দিয়েছেন বড় বাজেটের দল ভিক্টোরিয়ায়। এই দুই তারকাকে পেয়ে ভিক্টোরিয়ার নতুন সভাপতি লুৎফর রহমান বাদল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানালেন, শিরোপাই তাদের লক্ষ্য। অবশ্য ভিক্টোরিয়ার পাশাপাশি মোহামেডানকে নিয়েও কথা বলতে হলো তাকে। তিনি বলেন, “আমি মোহামেডানে ছিলাম, আছি এবং থাকবো। কিন্তু এখন যারা মোহামেডান পরিচালনা করছে তাদের সঙ্গেই আমার যুদ্ধ।” ভিক্টোরিয়ার সভাপতি বলেন, “আমি গত মৌসুমে দল (মোহামেডান) গড়ার পর এবারের দলটিও সাজিয়ে রেখেছিলাম। তবে দুদিন আগে জানতে পারি মোহামেডান নতুন করে দল বানাচ্ছে।” “তাহলে আমি যে ক্রিকেটারদের কথা দিয়েছিলাম তাদেরকে দেয়া ওয়াদার কি হবে? আমি সাকিব-তামিমকে যদি বলতাম তোমরা অন্য দল খুঁজে নাও, তাহলে ওরা মেনে নিতো। কিন্তু তাহলে আমার প্রতি তাদের বিশ্বাস নষ্ট হত,” যোগ করেন তিনি। তিনি বলেন, “তামিম আমাকে বলেছিলো, ‘আপনি যে দলে যাবেন আমি সেখানেই যাবো। দল না পেলে এ বছর মাঠে নামবোই না!” এ ব্যাপারে সাকিব বলেন, “তিনি যেখানে নিয়ে যাবেন সেখানেই খেলবো। ওয়াদা করেছিলাম। তা রক্ষা করলাম।” আর তামিম বলেন, “আমি যখন যা বলি তিনি তাই করেন! আর ওয়াদার বিষয়টি তো আছেই।” আন্তর্জাতিক ক্রিকেটে সফল হলেও সাকিব ঘরোয়া ক্রিকেটে অনুজ্জ্বল। এ প্রসঙ্গে তামিম বলেন, “সাকিব যে আমাদের সঙ্গে আছেন, এটাই বড় কথা। তিনি মাঠে নেমে কত রান করছেন বা কয়টা উইকেট নিচ্ছেন সেটা আমাদের কাছে বড় বিষয় নয়। তিনি আছেন এটাই বড় কথা।” ভিক্টোরিয়া বিদেশী ক্রিকেটার নিয়ে আসার সময়ও চমক দেখাতে পারে। বাদল জানিয়েছেন, ক্রিস গেইলের সঙ্গে তাদের কথা হয়েছে। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ব্রায়ান লারার সঙ্গেও আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানান তিনি। শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, ওয়াহাব রিয়াজ ও মনোজ তিওয়ারিকে ইতিমধ্যেই দলে নিয়েছে ভিক্টোরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৮ঘ.