২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দল গোছালো ব্রাদার্স, বিমান ও সিসিএস

বুধবার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদলের প্রথম দিনে দল গুছিয়ে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন, বাংলাদেশ বিমান ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদলের প্রথম দিনে দল গুছিয়ে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন, বাংলাদেশ বিমান ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। প্রথম দিন সবচেয়ে বড় চমক দেখিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। পুলের দুই ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও রুবেল হোসেনের সঙ্গে জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান নাজিমউদ্দিনকেও দলে টেনেছে তারা। এছাড়া তুষার ইমরান, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, ধীমান ঘোষ ও মাহবুবুল করিমকে নিয়েছে ব্রাদার্স। ব্রাদার্স দলে চট্টগ্রামের খেলোয়াড়দের আধিক্য কিছুটা বিস্ময়কর বটে! মাহবুবুল, মোহামেডান থেকে আসা নাজিম ও নাফিস এবং ওল্ড ডিওএইচএস থেকে আসা আফতাব প্রত্যেকেই বন্দরনগরীর সন্তান। পাকিস্তানের মাঝের সারির ব্যাটসম্যান উমর আকমলকেও নিয়ে আসছে ব্রাদার্স। চেষ্টা করছে সোহেল তানভীরসহ আরো কয়েক জন বিদেশী ক্রিকেটারকে দলে টানার। দল সম্পর্কে নাজিমউদ্দিন বলেন, “আমরা এবার শক্তিশালী দল গড়েছি। নিজেদের সেরা খেলা খেলতে পারলে আমাদের পক্ষে শিরোপা জেতাও সম্ভব।” নাফিস, তুষার, আফতাবের কণ্ঠেও একই কথার প্রতিধ্বনি। প্রত্যেকেই জানিয়েছেন, শিরোপার লক্ষ্যেই খেলবেন তারা। পুলের দুই খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা ও জুনায়েদ সিদ্দিককে নিয়েছে বিমান। দল সম্পর্কে বাংলাদেশের সেরা পেসার মাশরাফি বলেন, “ঢাকার ক্রিকেটে বিমান বড় দল। এবারও আমরা শক্তিশালী দল গড়েছি। খেলোয়াড়রা ভালো খেলতে পারলে যে কোনো কিছুই সম্ভব। জাভেদ ভাই (জাভেদ ওমর) থাকলেও দলটি তারুণ্য নির্ভর। সবাই নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছে।” “তবে আমার খেলা নির্ভর করছে ফিজিওর ওপরে। যে কয়টা ম্যাচ খেলি না কেন, চেষ্টা করবো নিজের শতভাগ উজাড় করে দিতে,” যোগ করেন তিনি। ২৩ বছরের ক্যারিয়ারে এ নিয়ে একাদশ বারের মতো বিমানের হয়ে খেলতে যাচ্ছেন জাভেদ। সৌম্য, অভিষেক, আসিফের মতো উদীয়মান ক্রিকেটার ছাড়াও ফাওয়াদ আলম, ফয়সাল ইকবালের মতো বিদেশী ক্রিকেটারদের নিয়েছে তারা। বুধবার সবার আগে দল গোছানোর কাজ শেষ করে সিসিএস। পুলের দুই খেলোয়াড় রবিউল ইসলাম ও রকিবুল হাসানের সঙ্গে পাকিস্তানের রাশেদ হানিফকে নিয়ে দল গড়েছে তারা। রবিউল গত মৌসুমে সিসিএসেই ছিলেন। আর রকিবুল এসেছেন কলাবাগান থেকে। প্রায় পনের বছর ধরে ঢাকার ক্রিকেটে খেলা রাশেদ ওল্ড ডিওএইচএস থেকে যোগ দিয়েছেন সিসিএসে। রাশেদ ছাড়া পাকিস্তানের আরো তিন ক্রিকেটার শাহবাজ বাট, সুলেমান খান এবং আতিকুর রহমানকেও নিয়েছে তারা। বৃহস্পতিবার দলবদলের দ্বিতীয় ও শেষ দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০২৯ঘ.