ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের প্রথম পর্বে দ্বিতীয় দিনেই রাজশাহীকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা। অন্য খেলায় ঢাকা মেট্রোর বিপক্ষে সুবিধাজনক অবস্থায় আছে সিলেট।
রাজশাহী-খুলনা
ফতুল্ল¬ায় ৫ উইকেটে ৯৮ রান নিয়ে খেলা শুরু করা খুলনা অলআউট হওয়ার আগে আরো ৮১ রান করে। তবে প্রথম ইনিংসে ১৭৯ রান করলেও ৩০ রানের লিড পায় তারা। যুবায়দুর জিকু ৪৪ ও ডলার মাহমুদ ২১ রান করেন। ৩৩ রানে ৪ উইকেট নেয়া সাকলায়েন সজীব রাজশাহীর সেরা বোলার।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আলআমিন হোসেনের মারাত্মক বোলিংয়ে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় রাজশাহী। সর্বোচ্চ ৩৭ রান আসে হামিদুল ইসলামের ব্যাট থেকে। মাত্র ২৩ রানে ৬ উইকেট নেন আলআমিন। প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার সুবাদে ম্যাচে তার শিকার ৯টি।
১০০ রানের জয়ের লক্ষ্যে পৌঁছাতে সৌম্য সরকার (১৭) ও আনামুল হকের (২৬) উইকেট হারাতে হয়েছে খুলনাকে। নাজমুস সাদাত ৩৪ ও অধিনায়ক তুষার ইমরান ২৪ রানে অপরাজিত থাকেন।
ঢাকা মেট্রো-সিলেট
সিলেটে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করলেও স্বাগতিকদের চেয়ে ৮৭ রানে পিছিয়ে আছে ঢাকা মেট্রো। আরমান হোসেন ২৬ ও ফুরকান ১৬ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে ৩ উইকেটে ৫৩ রান নিয়ে খেলা শুরু করে সিলেট। গোলাম মাবুদ ও ইজাজ আহমেদের অর্ধশতকের সুবাদে প্রথম ইনিংসে ২৬৩ রান করা স্বাগতিকরা লিড পায় ১৩৪ রানের।
সপ্তম উইকেটে মাবুদ ও ইজাজের মধ্যে গড়ে ওঠা ৮৫ রানের জুটি সিলেটের বড় লিডের প্রধান ভিত্তি। দলীয় ২১৯ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে মাবুদ (৬৪) বিদায় নেন। তার ১৩৮ বলের ইনিংসে ১১টি চার।
এর পর দলকে প্রায় একাই টেনেছেন ইজাজ। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫৮ রান করেন তিনি। ১১৯ বলের ইনিংসটি সাজানো ৪টি চার ও ৩টি ছক্কায়।
ঢাকা মেট্রোর পক্ষে আরাফাত সানি ৭৩ রানে নেন ৩ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮২৭ঘ.
bdnews24