ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অভিষিক্ত উদ্বোধনী ব্যাটসম্যান নাজিমউদ্দিন ও সাকিব আল হাসানের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। পঞ্চম উইকেটে এরই মধ্যে ৫৪ রান যোগ করেছেন তারা।
দুজনেই অপরাজিত আছেন ৪১ রানে। তবে দুজন খেলেছেন দুই মেজাজে। এক দিকে নাজিমের ধীর স্থির ব্যাটিং। অন্য দিকে শুরুতে রীতিমত টি-টোয়েন্টি মেজাজে ছিলেন সাকিব।
রোববার তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে স্পিনার ইলিয়াস সানি বলেন, “সাকিব আর নাজিম যেভাবে খেলছে তাতে সবই তো ঠিক বলে মনে হচ্ছে। আমরা তাদের কাছ থেকে একটা বড় জুটি আশা করছি। পাকিস্তান যেভাবে রান করেছে আমরাও সেভাবে রান করার চেষ্টা করবো।”
“আজ (রোববার) সাকিব নিজের স্বাভাবিক ব্যাটিংই করেছেন। এভাবেই খেলেন তিনি। এটাই তার ধরন,” যোগ করেন তিনি।
বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়ে কোনো ধরনের মানসিক সমস্যা আছে এমন কথা মানতে নারাজ সানি। তবে আত্মবিশ্বাসে বেশ ঘাটতি আছে বলে মনে করেন তিনি। বলেন, “এই সিরিজে আসলে আমরা রান পাচ্ছি না। তবে সেটা মানসিক কোনো সমস্যার কারণে নয়।”
এদিকে নিজের তৃতীয় দ্বিশতক পরিবারকে উৎসর্গ করেছেন ইউনুস খান। ২৯০ বলে দ্বিশতক তুলে নেয়ার পরও বাংলাদেশের বোলারদের প্রশংসাই করেছেন তিনি। ইউনুস বলেন, “বাংলাদেশের বোলাররা আন্তর্জাতিক মানের। এ মুহূর্তে দলটির প্রায় সব সদস্যই নবীন। আমার মনে হয় তাদের এই খারাপ খেলা সাময়িক।”
“দলটির মোকাবেলা করা খুব একটা সহজ নয়। তবে আমার মনে হয় বাংলাদেশকে বোলিং ও ব্যাটিংয়ে আরও ধারাবাহিক হতে হবে। তাদের আরও ধৈর্য্য ধরতে হবে। দলটির আরো বেশি করে আন্তর্জাতিক ম্যাচ বিশেষ করে টেস্ট খেলতে হবে,” যোগ করেন তিনি।
নিজের প্রথম টেস্ট শতক পাওয়া আসাদ শফিক বলেন, “টেস্ট শতকের জন্য কঠোর পরিশ্রম করেছি। আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমি সব সময় ইতিবাচক খেলার চেস্টা করেছি। ইউনুস খানের সঙ্গে থাকায় আমার সুবিধা হয়েছে। একটু ভুল করলেই তিনি আমাকে ডেকে নিয়ে সেটি সংশোধন করে দিয়েছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৪৪ ঘ.
bdnews24