ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন পেসার বিনয় কুমার। প্রথমবারের মত টেস্ট দলে জায়গা পাওয়া বিনয় নিজের টেস্ট খেলার যোগ্যতার পাশাপাশি অস্ট্রেলিয়ার ভালো করার ব্যাপারেও আত্মবিশ্বাসী।
যদিও প্রথমে দলে ছিলেন না ১৫টি ওয়ানডে খেলা বিনয়। পরে চোটের কারণে বরুন অ্যারন বাদ পড়লে কপাল খোলে বিনয়ের।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ কে বিনয় বলেন, “এর আগে আমি তিনবার অস্ট্রেলিয়া গিয়েছি। দুবার কর্নাটক দলের হয়ে এবং একবার ভারত এ দলের সঙ্গে। তাই অস্ট্রেলিয়া আমার জন্য নতুন জায়গা নয়। ওখানকার পরিস্থিতি আমার চেনা। মনে হয় না আমার মানিয়ে নিতে খুব সমস্যা হবে।”
“আমি জানি দীর্ঘমেয়াদের ক্রিকেটের জন্য আমি যথেষ্ঠ ভালো। ২০০৭ সালে রঞ্জি ট্রফিতে আমি সর্বোচ্চ উইকেট দখল করেছিলাম এবং দুই বছর পর তা পুনরায় করে দেখিয়েছি। আমি লম্বা সময় বল করতে পারি। আশাকরি অনুশীলন ম্যাচে আমাকে খেলানো হবে এবং আমি আমার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১৭ ঘ.
bdnews24