ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন মন্টি পানেসার। গত জুলাই-অগাস্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে এই বাঁহাতি স্পিনার সুযোগ পাননি।
ইংল্যান্ডের নির্বাচক জিওফ মিলার বলেন, “গ্রায়েম সোয়ানের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে থাকছেন মন্টি পানেসার।”
“ঘরোয়া ক্রিকেটে সাসেক্সের হয়ে দারুণ খেলার সুবাদে ডাক পেয়েছেন তিনি। দুবাই ও আবুধাবির স্পিন সহায়ক উইকেটও তাকে দলে রাখার বড় কারণ,” যোগ করেন তিনি।
গত মৌসুমে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ২৭.২৪ গড়ে ৬৯ উইকেট নেন পানেসার।
১৭ জানুয়ারী থেকে দুবাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে দুটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ড।
ইংল্যান্ডের টেস্ট দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, এউইন মরগান, ম্যাট প্রায়র, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, ক্রিস ট্রেমলেট, স্টিভেন ফিন, রবি বোপারা, মন্টি পানেসার ও স্টিভেন ডেভিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮২২ঘ.
bdnews24