ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ের পাতায় চোটের কারণে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত মাঠে নামতে পারবেন না অস্ট্রেলিয়ার তরুণ পেসার প্যাট কামিন্স।
গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে অভিষেক হয় ১৮ বছর বয়সী কামিন্সের। ঐ ম্যাচে ৭ উইকেট নেন তিনি। জয়সূচক রানও আসে তার ব্যাট থেকে। অভিষেক টেস্টে ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।
তবে ওই ম্যাচেই বাঁ পায়ের গোড়ালিতে চোট পান কামিন্স। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না তিনি। যদিও বর্তমান পরিস্থিতিতে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে আশঙ্কা করছেন অস্ট্রেলিয়া দলের ফিজিও অ্যালেক্স কন্টুরিস।
তিনি বলেন, “টেস্ট ক্রিকেট খেলতে হলে তাকে প্রচুর বল করতে হবে। সমস্যা হচ্ছে আগামী চার থেকে ছয় সপ্তাহ তিনি বল করার মতো না-ও সক্ষম হতে পারেন। সব কিছুই নির্ভর করছে তার চোটের ওপরে। আসলে তার ওপর থেকে চাপ কমাতে হবে। শারীরিক কারণেই তিনি প্রচুর বল করতে সক্ষম নন। মিচেল জনসনের মতো পাঁচ বছর বল করার ধকল তার শরীর সইতে পারবে না।”
দীর্ঘমেয়াদি ক্রিকেটে কামিন্সের শারীরিক অবস্থা অস্ট্রেলিয়াকে দুশ্চিন্তায় ফেলেছে। মাত্র তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেই টেস্ট অভিষেক হয়েছিলো তার।
গত মৌসুমের শেফিল্ড শিল্ডের (অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট) ফাইনালে ৬৫ ওভার বল করেন কামিন্স। যার মধ্যে প্রথম ইনিংসে করেন ৪৮ ওভার। এত বল করায় পরবর্তী কয়েক মাস মেরুদন্ডের সমস্যায় ভুগতে হয়েছে তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৩ঘ.
bdnews24