২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিভ্রাট আমাদের জন্য সহায়ক হয়েছে: মিসবাহ

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে বাংলাদেশের বিপক্ষে ৫৮ রানের জয়ে বিদ্যুৎ বিভ্রাট সহায়ক হয়েছে বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে বাংলাদেশের বিপক্ষে ৫৮ রানের জয়ে বিদ্যুৎ বিভ্রাট সহায়ক হয়েছে বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। বাংলাদেশ ইনিংসের ১৫ ওভার শেষে বিদ্যুৎ চলে গেলে ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। সে সময় বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৬১ রান। ম্যাচ শেষে তিনি বলেন, “বিদ্যুৎ যাওয়ার আগে বাংলাদেশ দারুণ অবস্থান ছিল। শুরুতে এক উইকেট পড়লেও দ্বিতীয় উইকেট জুটি দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিল।” “বিদ্যুৎ বিভ্রাট আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সে সময় মহসিন খান ও ইজাজ আহমেদ প্যাভিলিয়নে আমাদের সঙ্গে কথা বলেন। আমরা অুনপ্রাণিত হয়ে মাঠে নামি,” যোগ করেন তিনি। তিনি বলেন, “আমরা জানতাম একটা উইকেট ব্যবধান গড়ে দিতে পারে। সেই লক্ষ্যেই আমরা খেলা শুরু করি। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটের আগে যে গতিতে বাংলাদেশ এগোচ্ছিল সেটা তারা হারিয়ে ফেলে।” ১৭৭ রান করেও জয়ের জন্য বোলারদের প্রশংসা করেন মিসবাহ। তিনি বলেন, “এই ম্যাচ বেশ কঠিন ছিল। পুরো কৃতিত্ব বোলারদের। তবে আমরা ব্যাটিংয়েও বেশ উন্নতি করেছি।” বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য নিজেদের ব্যাটিংকেই দুষলেন। তিনি বলেন, “এটি একটি বড় পরাজয়। আমরা সাধারণ এখানে ভালো খেলি কিন্তু আজ হয়নি। বোলাররা দারুণ একটি সুযোগ এনে দিয়েছিলেন কিন্তু ব্যাটসম্যানদের কারণে তা কাজে লাগানো যায় নি।” “দ্বিতীয় উইকেটে একটা বড় জুটি গড়ে উঠছিল কিন্তু পরের দিকের কোনো ব্যাটসম্যান সেভাবে দায়িত্ব নিয়ে খেলতে পারে নি। ব্যাটসম্যানরা বাজে শট খেলে উইকেট দিয়ে এসেছেন,” যোগ করেন তিনি। ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারলেও টেস্ট সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী মুশফিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৪৬ ঘ.