ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজটা ২-০ তে আগেই হেরে বসেছে বাংলাদেশ। অবশ্য টাইগারদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারেন নাসির হোসেন। আগের ম্যাচে এই তরুণ ব্যাট হাতে শুধু নিজের জাতটাই চেনাননি, অসাধারণ এক সেঞ্চুরিতে খাদের কিনারা থেকে তুলে দলের ইনিংস নিয়ে গিয়ে ছিলেন একটা সম্মানজনক পর্যায়ে।
নাসিরের সেই অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়াইয়ে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে দুপুর দেড়টায়।
শুধু নাসিরই নয়, ম্যাচের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও অনুপ্রেরণা হতে পারে মুশফিক বাহিনীর জন্য। এই স্টেডিয়ামে অনুষ্ঠিত সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ৬ টিতেই জিতেছে বাংলাদেশ। মোট ১২ টি ম্যাচের মধ্যে জিতেছে ৭ টিতে।
যদিও ১৪ টি ম্যাচ আয়োজন হয়েছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুটো ম্যাচ পরিত্যক্ত হয়।
গত বিশ্বকাপে এই মাঠেই ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারায় বাংলাদেশ। আর সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ইনংস মাত্র ৬১ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ বোলাররা।
অবশ্য পাকিস্তানের কাছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম একেবারেই অপরিচিত। তারা এখনো এই মাঠে খেলেনি। যা স্বাগতিকদের জন্য সহায়ক ভূমিকা রখাতে পারে। চট্টগ্রামে দুটি ওয়ানডে খেলেছে পাকিস্তান। আর দুটো ম্যাচই হয়েছে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে।
এতোকিছু প্রেরণার মাঝেও বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের জন্য সবচেয়ে বেশি হতাশার কারণ হচ্ছে দলের প্রথম সারির ব্যাটসম্যানরা। টানা দুুই সিরিজে ব্যাটসম্যানদের কাছ থেকে কোনো সহায়তা পাননি তিনি।
গত ম্যাচে নাসিরের সেঞ্চুরি ছাড়া কোনো ব্যাটসম্যানই নিজেকে মেলে ধরতে পারেননি। দুই অঙ্কের কোটায় পৌঁছার আগেই অধিকাংশ ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন। তামিম ইকবাল-ইমরুল কায়েস হয়ে আছেন নিজেদের ছায়া। তিন নম্বরে শাহরিয়ার নাফীসও ব্যর্থ।
পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারছেন না অধিনায়ক মুশফিকও। সাকিব রান পাচ্ছেন, কিন্তু ইনিংসটাকে বড় করতে পারছেন না।
এই মাঠে সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নাকাল করাতে আত্মবিশ্বাসে বলিয়ান থাকবেন স্বাগতিক বোলাররা। তবে নির্ভরতা থাকছে সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাকের ওপর।
সাকিব-রাজ্জাককে ছাপিয়ে এ পর্যন্ত সিরিজে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রুবেল হোসেন। গতি ও বাউন্স দিয়ে প্রতিপক্ষকে চমকে দিতে পেরেছেন তিনি।
পাকিস্তানের মূল শক্তি স্পিন আক্রমণ। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার সাঈদ আজমল, তিন অলরাউন্ডার শহিদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক পাকিস্তানের স্পিন আক্রমণকে দলের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত করেছেন। তবে উমর গুল ও সোহেল তানভীরের মতো পেসার থাকায় পেস আক্রমণও বেশ শক্তিশালী।
তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে পাকিস্তানের ব্যাটিংও বেশ শক্তিশালী। হাফিজ, ইমরান ফারহাত, উমর আকমল, মিসবাহ-উল-হক, ইউনুস খান, শোয়েব, আফ্রিদির উপস্থিতি ওয়ানডের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপের একটি দলে পরিনত হয়েছে পাকিস্তান।
পাকিস্তানের সঙ্গে এর আগে ২৮টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২৭টিতেই হেরেছে বাংলাদেশ। ১৯৯৯ সালের বিশ্বকাপে (৩১ মে) নর্দাম্পটনে পাকিস্তানকে একমাত্র ম্যাচে হারায় বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ সংগ্রহ ৩৮৫/৭, সর্বনিু ১৬১। আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২৮৫/৭ ও সর্বনিু ৮৭। দুইশ রানের নিচে পাকিস্তানকে একবারই অলআউট করতে পেরেছে বাংলাদেশ। পক্ষান্তরে তিনবার শতরানের নিচে অলআউট হয়েছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমএইচ/১৮৩৬ ঘ.
bdnews24