ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্বল দলের খেতাব নিয়েও শ্রীলঙ্কা দলের দক্ষিণ আফ্রিকা সফর উপভোগ্য হবে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তার যুক্তি এতে চাপ কামায়। আর দুর্বল হিসেবেও অনেক সফলতা পেয়েছে শ্রীলঙ্কা।
গত দুইটি বিশ্বকাপকে উদাহরণ হিসেবে টেনে এই অভিজ্ঞ ব্যাটসম্যান বলেন, “সর্বশেষ দুইটি বিশ্বকাপে শ্রীলঙ্কা ফেভারিট ছিলো না। তারপরও দুটি আসরেই ফাইনাল খেলেছি আমরা।”
“দক্ষিণ আফ্রিকা সফরে কোনো রকম প্রত্যাশার চাপ না থাকাটা বরং আমাদের জন্য ভালোই হয়েছে,” যোগ করেন সাবেক লঙ্কান অধিনায়ক।
এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে শ্রীলঙ্কা। এবছর শ্রীলঙ্কা মাত্র একটি টেস্ট জিতেছে। হেরেছে তিনটি সিরিজ। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে।
এ সম্পর্কে জয়াবর্ধনে বলেন, “যেকোন সমালোচনার যোগ্য জবাব হচ্ছে ভালো খেলা। খেলোয়াড়রাও উদগ্রীব হয়ে আছেন নিজেদের মেলে ধরতে।”
৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শ্রীলঙ্কার সফর শুরু হবে। সফরে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২১৪৯
bdnews24