ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে এবং প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল।
বিকেল পৌনে পাঁচটায় মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ দল চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌঁছায়। সেখান থেকে সরাসরি হোটেল পেনিনসুলায় যায় তারা।
সন্ধ্যা সাতটা দশ মিনিটে পৌঁছায় পাকিস্তান দল। ২০০২ সালের জুনের পর এই প্রথম চট্টগ্রাম এলো পাকিস্তান। এর আগে চট্টগ্রামে একটি টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছে দলটি। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কোনো ম্যাচ খেলা হয়নি তাদের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম দুই ম্যাচে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান।
৯ ডিসেম্বর থেকে একই মাঠে প্রথম টেস্টে মুখোমুখি হবে দল দুটি। টেস্ট শেষে ১৪ ডিসেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে দুদলেরই। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯৪০ ঘ.
bdnews24