ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরো একবার ব্যর্থ ব্যাটসম্যানরা। এবার মাত্র ৯১ রানেই অলআউট। এ বছর ওয়ানডেতে তৃতীয় বারের মতো এক শ রানের নিচে গুটিয়ে যাওয়ায় ভীষণ হতাশ মুশফিকুর রহিম। দলের ব্যাটসম্যানদের ওপরে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বাংলাদেশের অধিনায়ক।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “গত দু-তিনটি সিরিজেই আমাদের ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে রান পাননি। সম্ভবত প্রতিপক্ষের বোলারদের বুঝে উঠতে ব্যর্থ হচ্ছেন তারা।”
“প্রতিটি দলেই প্রথম তিনে ব্যাট করেন দলের সবচেয়ে ধারাবাহিক তিন ব্যাটসম্যান। কিন্তু আমাদের ওপরের সারির কেউই সেভাবে রান পাচ্ছেন না। তাই প্রত্যেক সিরিজেই আমাদের নতুন পরিকল্পনা নিয়ে নামতে হচ্ছে,” যোগ করেন তিনি।
তবে তাতে যে সমস্যার সমাধান হচ্ছে না তা-ও জানালেন মুশফিক। তিনি বলেন, “আমরা দেশের মাটিতে খেলছি বটে, তবে বাড়তি কোনো সুবিধা পাচ্ছি না। উইকেটের চরিত্র কী, এখানে কত রান করলে জেতা সম্ভব সে সম্পর্কে কোনো ধারণাই পাচ্ছি না। আমরা যে ধরনের উইকেটের সঙ্গে পরিচিত সেটা পাচ্ছি না।”
“সত্যি বলতে কী, টস জেতার পরও জানতাম না ঠিক কত রান হলে লড়াই করা যাবে। তবে পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুটা দেখে মনে হয়েছে ১৫০ রান হলে খেলাটা অন্যরকম হতে পারতো,” যোগ করেন তিনি।
ব্যাটিং-ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হিসেবে প্রয়োগ-ক্ষমতার অভাবকেই দায়ী করেন বাংলাদেশের অধিনায়ক।
মুশফিক বলেন, “আমাদের ব্যাটিংয়ে প্রয়োগ-ক্ষমতাটা ঠিক হচ্ছে না। গত কয়েকটা সিরিজ থেকেই এটা আমাদের ভোগাচ্ছে। এর থেকে বের হয়ে আসার একটাই উপায়। আর তা হলো ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে। ভালো খেলার জন্য এর কোনো বিকল্প নেই।”
“রানের মধ্যে না থাকায় ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। ব্যাটসম্যানদের দক্ষতারও যথেষ্ট অভাব। তাই এক-দুই রান করে নিয়েও খেলতে পারছেন না তারা,” যোগ করেন তিনি।
২৩ রানে ৫ উইকেট নিয়ে এবং ২৪ রানে অপরাজিত থেকে পাকিস্তানের জয়ের নায়ক শহিদ আফ্রিদি। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
ম্যাচ শেষে তিনি বলেন, “এমন নয় যে বাংলাদেশের ব্যাটসম্যানরা স্পিন খেলতে পারেন না। তাদের দলে বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছেন। তবে এই উইকেটে স্পিনাররা ভালো সহায়তা পেয়েছেন।”
যদিও এই উইকেটে একটু ধৈর্য্য নিয়ে খেললে রান পাওয়া সম্ভব বলে মনে করেন আফ্রিদি। তিনি বলেন, “এখানে সময় নিয়ে খেলতে হবে। ভালো বল ছাড়তে হবে। সঠিক শট নির্বাচন করে খেলতে পারলে এখানেও বড় ইনিংস গড়া সম্ভব।”
“আমার কাছে মনে হয়েছে এখানে ব্যাট করতে হলে ব্যাটসম্যানদের মাথা ঠান্ডা রাখতে হবে। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটের এই যুগে ব্যাটসম্যানদের পক্ষে মাথা ঠান্ডা রাখাই মুশকিল,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৬ঘ.
bdnews24