ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একমাত্র টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে জিতলেও ব্যাটসম্যানরা তেমন ভালো সংগ্রহ এনে দিতে পারেননি পাকিস্তানকে। মঙ্গলবারের উইকেট তেমন ব্যাটিং-সহায়কও ছিলো না। পাকিস্তানের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান অবশ্য জানিয়েছেন, তারা উইকেট নিয়ে মোটেও চিন্তিত নন।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনুস বলেন, “আমরা যে কোনো ধরনের উইকেটে খেলতে প্রস্তুত। উইকেট নিয়ে আমরা একটুও ভাবছি না।”
“আমাদের স্পিন আক্রমণ দারুণ শক্তিশালী। আমাদের দলে সাঈদ আজমল, শহিদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের মতো স্পিনার আছেন। উমর গুল, আইজাজ চিমা ও সোহেল তানভীরের উপস্থিতিতে পেস আক্রমণও যথেষ্ট শক্তিশালী। উইকেট নিয়ে বাংলাদেশ চিন্তা-ভাবনা করলেও করতে পারে। কিন্তু আমরা করছি না,” যোগ করেন তিনি।
দলের বোলারদের প্রশংসা করে তিনি বলেন, “আমাদের বোলাররা দারুণ খেলছেন।”
পাকিস্তানের ব্যাটিং লাইনআপ নিয়েও ইউনুস উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমাদের ব্যাটিং লাইনআপ তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া। উমর আকমল, আসাদ শফিক, আজহার আলীর মতো তরুণরা যেমন আছেন তেমনি মিসবাহ-উল-হক, শহিদ আফ্রিদির মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরাও রয়েছেন আমাদের দলে।”
একমাত্র টি-টোয়েন্টিতে সহজে জিতলেও বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোনো অবকাশ নেই বলে জানান ইউনুস। তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বলে কোনো প্রতিপক্ষ নেই। কোনো সিরিজ শুরু হওয়ার আগে কিংবা মাঝপথেও বলা যায় না সিরিজটা সহজ। সিরিজ শেষেই এমন কথা বলা যেতে পারে। সিরিজ শেষ না হওয়া পর্যন্ত নিজেদের সেরাটাই ঢেলে দিতে হয়। আমরাও তাই করতেই এসেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫০ঘ.
bdnews24