২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবু আশাবাদী স্টুয়ার্ট ল

একমাত্র টি-টোয়েন্টিতে পর্যুদস্ত হলেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী স্টুয়ার্ট ল। তবে লড়াই করার জন্য যথারীতি ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে বাংলাদেশের কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একমাত্র টি-টোয়েন্টিতে পর্যুদস্ত হলেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী স্টুয়ার্ট ল। তবে লড়াই করার জন্য যথারীতি ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে বাংলাদেশের কোচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুদল। বুধবার সংবাদ সম্মেলনে ল বলেন, “পাকিস্তান এই মুহূর্তে দারুণ খেলছে। তবে তারপরও তাদেরকে হারানো সম্ভব।” “আমরা জানি সিরিজটি আমাদের জন্য ভীষণ কঠিন। শ্রীলঙ্কার বিপক্ষে খুবই ভালো খেলে এখানে এসেছে পাকিস্তান। তবে দল হিসেবে ভালো খেলতে পারলে আমাদেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে,” যোগ করেন তিনি। মঙ্গলবারের টি-টোয়েন্টিতে তামিম ইকবালের অনুপস্থিতি বাংলাদেশের ব্যাটিংকে এলোমেলো করে দিয়েছিলো বলে মনে করেন ল। তিনি বলেন, “তামিম দলের অন্যতম সেরা খেলোয়াড়। তিনি বা সাকিব আল হাসান রান পেলে বাংলাদেশের পক্ষে বড় সংগ্রহ গড়া অনেকটাই সহজ হয়ে পড়ে। বৃহস্পতিবার চোট কাটিয়ে তামিম ফিরছেন। আশা করি তিনি আমাদের ভালো সূচনা এনে দিতে পারবেন।” বাংলাদেশের কোচ সবচেয়ে বেশি উচ্ছ্বসিত নাসির হোসেনকে নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই অর্ধশতক করা নাসির ধারাবাহিকভাবে রান পাচ্ছেন। সাধারণত ৭/৮ নম্বরে নামা নাসিরকে প্রথম ওয়ানডেতে ওপরে ব্যাট করতে পাঠানোর কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ল বলেন, “তার ব্যাট থেকে প্রায় প্রতি ম্যাচেই ৩০/৪০ করে রান আসছে। এটা দলের জন্য দারুণ ব্যাপার। তিনি একটু-একটু করে উন্নতি করছেন। যে কোনো জায়গায় ব্যাট করার সামর্থ্যও তার আছে। কে জানে, বৃহস্পতিবার হয়তো তাকে ওপরেও খেলানো হতে পারে।” মঙ্গলবারের উইকেট নিয়ে বিস্ময় চেপে রাখতে পারেননি ল। তিনি বলেন, “সেদিন উইকেটে বেশ টার্ন ও বাউন্স ছিল। মিরপুরে উইকেটের এমন আচরণ স্বাভাবিক নয়। এত বেশি বাউন্স ভীষণ অবাক করেছে আমাদের।” “তবে উইকেট নিয়ে বেশি চিন্তা-ভাবনা না করাই ভালো। আমাদের ব্যাটসম্যানদের এ ধরনের উইকেটে রান করা শিখতে হবে। ভালো দল কঠিন পরিস্থিতিতেও রান করতে পারে। আমাদেরও তা শিখতে হবে” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৫৩ঘ.