২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুবিধাজনক অবস্থায় রাজশাহী ও খুলনা

ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ পর্বের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে রাজশাহী ও খুলনা। মঙ্গলবার শতক পেয়েছেন ঢাকা মেট্রোর আসিফ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ পর্বের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে রাজশাহী ও খুলনা। মঙ্গলবার শতক পেয়েছেন ঢাকা মেট্রোর আসিফ আহমেদ। রাজশাহী-ঢাকা বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে ৩ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৯ রানে এগিয়ে রয়েছে ঢাকা। হান্নান সরকার অর্ধশতক করলেও দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ১১২ রান। হান্নান ৮৩ বলে ১২টি চারের সাহায্যে ৭২ রান করেন। রাজশাহীর পক্ষে সানজামুল ইসলাম ও দেলোয়ার হোসেন দুটি করে উইকেট নেন। এর আগে ৩ উইকেটে ৩৯ রান নিয়ে খেলা শুরু করে রাজশাহী। হামিদুল ইসলামের অর্ধশতকের সুবাদে প্রথম ইনিংসে ২১৪ রান করে তারা। হামিদুল ১২৯ বলে ৭টি চারের সাহায্যে ৫৭ রান করেন। সানজামুল অপরাজিত থাকেন ৪০ রানে। প্রথম ইনিংসে রাজশাহীর লিড ৮৩ রানের। ঢাকার পক্ষে মাহবুবুল আলম ৫ উইকেট নেন ৪৯ রানে। মোশাররফ হোসেন ৪ উইকেট নেন ৬৪ রানে। চট্টগ্রাম-খুলনা রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৪ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে এগিয়ে রয়েছে চট্টগ্রাম। দিন শেষে ৬ উইকেটে তাদের সংগ্রহ ১০০ রান। অধিনায়ক নাজিমুদ্দিন ১৫ ও কাজী কামরুল ৯ রান নিয়ে ব্যাট করছেন। নাফিস ইকবাল ২৩ রান করেন। খুলনার পক্ষে আল-আমির হোসেন ৪ উইকেট নেন ২৭ রানে। এর আগে ৩ উইকেটে ৫৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে খুলনা। অধিনায়ক তুষার ইমরান ও মোসাদ্দেক ইফতেখার ১৬৪ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। কিন্তু দলীয় ১৮৯ রানে মোসাদ্দেক (৭৪) রান আউট হয়ে গেলে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। মোসাদ্দেকের ১৩৬ বলের ইনিংসে ৮টি চার। ইমরান ৯৫ রান করে বিদায় নিলে পথ হারায় খুলনা। ইমরানের ১৭৫ বলের চমৎকার ইনিংসটি সাজানো ১২টি চারে। দলীয় ২১৩ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ইমরানের বিদায়ের পর খুলনা আর বেশি দূর এগোতে পারেনি। ৩৩ রানের লিড নিয়ে ৯ উইকেটে ২৩৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে তারা। চট্টগ্রামের পক্ষে আব্দুল্লাহ আল মামুন ৫ উইকেট নেন ৩৫ রানে। রংপুর-ঢাকা মেট্রো ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৬ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ৭৬ রানে পিছিয়ে আছে ঢাকা মেট্রো। আসিফ আহমেদের শতক ও অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের অর্ধশতকের সুবাদে দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৭৮ রান। দ্বিতীয় উইকেটে আসিফ ও আশরাফুল ২২৫ রান যোগ করে দলকে শক্ত ভিত গড়ে দেন। দলীয় ২২৭ রানে বিদায় নেন আসিফ (১৫২)। তার ১৫৬ বলের ইনিংসে ২২টি চার ও একটি বিশাল ছক্কা। এর পর আশরাফুলও (৭১) বেশিক্ষণ থাকতে পারেননি। দলীয় ২৫৪ রানে সাজঘরের পথ ধরেন তিনি। তার ১৯৮ বলের ইনিংসে ৫টি চার। রংপুরের পক্ষে শুভাশীষ ও এআর রহমান রনি দুটি করে উইকেট নেন। এর আগে ৫ উইকেটে ৩০৪ রান নিয়ে খেলা শুরু করে আর ৫০ রান যোগ করে শেষ ৫ উইকেট হারায় রংপুর। ঢাকা মেট্রোর পক্ষে তাসকিন আহমেদ ৪ উইকেট নেন ৬৬ রানে। বরিশাল-সিলেট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪ উইকেট হাতে নিয়ে ৫৬ রানে পিছিয়ে আছে সিলেট। দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২০৮ রান। রাজিন সালেহ ৬১ ও ইজাজ আহমেদ ১৬ রান নিয়ে ব্যাট করছেন। ৬১ রানে ৪ উইকেট হারানো সিলেটকে বিপদ থেকে উদ্ধার করেন রাজিন ও গোলাম রহমান। পঞ্চম উইকেট জুটিতে দুজনের অবদান ১২৮ রান। দলীয় ১৮৯ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে রহমান করেন ৭৭ রান। তার ১২৬ বলের ইনিংসে ৮টি চার ও দুটি বিশাল ছক্কা। বরিশালের পক্ষে সৈয়দ রাসেল ৩ উইকেট নেন ২১ রানে। এর আগে ৬ উইকেটে ২৫০ রান নিয়ে ব্যাট করতে নেমে ২৬৪ রানে অলআউট হয়ে যায় বরিশাল। সিলেটের পক্ষে তাপস বৈশ্য ও আবু জাহেদ ৫টি করে উইকেট নেন। তাপস দেন ৫০ রান। জাহেদ ৭১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫১ঘ.