ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৫০ রানে হেরেছে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৫ রান করে পাকিস্তান। জবাবে ৯ উইকেটে ৮৫ রান করে বাংলাদেশ।
বড় পরাজয় এড়াতে না পারলেও নাসিরের অপরাজিত ৩৫ রানের সুবাদে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিু রানের লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ। নাসিরের ৩৮ বলের ইনিংসে দুটি চার ও একটি বিশাল ছক্কা।
এই ফরম্যাটে বাংলাদেশের সর্বনিু রান ৭৮। ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে এ রান করে বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। স্কোর বোর্ডে ৪ রান জমা হতে না হতেই সাজঘরের পথ ধরেন নাঈম ইসলাম (৩) ও অলক কাপালী (০)। চোটের কারলে খেলেননি তামিম ইকবাল, তার বদলে ইনিংস উদ্বোধন করেন নাঈম।
সাকিব আল হাসানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ইমরুল কায়েস (২) রান আউট হয়ে বিদায় নেয়র সময় দলের রান ১৫। আর সাকিব (৭) বিদায় নেন ১৭ রানে। সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ (২) সাজঘরে ফেরেন ২৩ রানে।
বাংলাদেশ ইনিংসের প্রথম চার আসে নবম ওভারের পঞ্চম বলে। আইজাজ চিমার বলে পুল করে চার মেরে রানের খাতা খুলেন নাসির। অধিনায়ক মুশফিকুর রহিম ও নাসির ষষ্ঠ উইকেটে যোগ করেন ১৬ রান। শহিদ আফ্রিদির করা বারোতম ওভারে পরপর দুই বলে দুবার জীবন পান নাসির ও মুশফিক।
লংঅফে নাসিরের সহজ ক্যাচ হাতছাড়া করেন ওমর গুল। আর শর্ট থার্ডম্যানে মুশফিক ক্যাচ দেন ইমরান ফারহাতকে। ফারহাত ক্যাচ ধরতে না পারলেও রান নিতে গিয়ে অন্ধের মতো ছুটা মুশফিককে (১০) রান আউট করতে কোনো ভুল করেন নি।
তিন বছরেরও বেশি সময় পরে প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমে নি®প্রভ ফরহাদ রেজা। আফ্রিদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে করেন ৬ রান। দলের রান তখন ৫১।
অষ্টম উইকেটে আব্দুর রাজ্জাকের সঙ্গে ১৭ রানের জুটি গড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিু রানের লজ্জা থেকে বাংলাদেশকে বাঁচান নাসির। টি-টোয়েন্টির সর্বনিু রান ৬৭। ২০০৮ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে এ রান করে কেনিয়া।
দলীয় ৬৮ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন রাজ্জাক (৯)। শোয়েব মালিকের বলে আফ্রিদির দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি। এক বল পরেই তাকে অনুসরণ করেন শফিউল ইসলাম (০)।
পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন শোয়েব ও হাফিজ। এ জন্য শোয়েব দেন ৭ রান। হাফিজ ১১।
এর আগে বোলারদের ব্যবহারের ক্ষেত্রে মুন্সিয়ানা দেখান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। আটজন বোলার ব্যবহার করেন তিনি। কাউকে দিয়ে টানা বল না করিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বল করান তিনি। পাকিস্তানের ব্যাটসম্যানরা কারো বল বুঝে উঠার আগেই বদলি হিসেবে নিয়ে আসেন অন্য একজনকে।
প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন মোহাম্মদ হাফিজ ও ইমরান ফারহাত। অবশ্য শুরুতে অতিরিক্ত রান দিয়ে তাদের জন্য কাজ সহজ করে দেন বাংলাদেশের বোলাররা। চতুর্থ ওভারে ফারহাতকে (১৬) ফিরিয়ে দিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান। মুশফিকের হাতে ধরা পড়েন তিনি।
দ্বিতীয় উইকেটে হাফিজ ও আসাদ শফিক ৩১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যাওয়ার মুহূর্তে আবারো আঘাত হানেন সাকিব। এবার তিনি বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান হাফিজকে (২৫)। দলের রান তখন ৬১।
তৃতীয় উইকেটে শফিকের সঙ্গে ২৬ রানের জুটি গড়েন ওমর আকমল। এর মধ্যে ২০ রানই আসে আকমলের ব্যাট থেকে। অলক কাপালীর বল এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি। আকমলকে ফিরিয়ে দিয়ে সপ্তম ম্যাচে এসে প্রথম টি-টোয়েন্টি উইকেট পান অলক।
দলীয় ৮৭ রানে আকমলের বিদায়ের পর আর ১১ রান যোগ করতেই সাজঘরের পথ ধরেন শফিক (১৯) ও শোয়েব মালিক (২)। বেশিক্ষণ টেকেননি শহিদ আফ্রিদিও। দারুণ এক ছাক্কা দিয়ে শুরু করলেও ৮ রান করেই অলকের বলে সীমানার কাছে নাসির হোসেনের হাতে ক্যাচ দেন তিনি। এর আগে শফিককে ফিরিয়ে দিয়ে প্রথম টি-টোয়েন্টি উইকেট নেন নাসির।
এর পর প্রায় একাই খেলেছেন অধিনায়ক মিসবাহ-উল-হক। শেষ পর্যন্ত ২১ রানে অপরাজিত থাকেন তিনি।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন অলক ও সাকিব। এ জন্য অলক দেন ১২ রান। সাকিব ২৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০০৮ ঘ.
bdnews24