ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার পাকিস্তানকে ১৩০ রানে হারিয়ে মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের শীর্ষস্থান নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে তৃতীয় হয়েছে শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্রকে ১২৬ রানে হারানো নেদারল্যান্ডসের অবস্থান সপ্তম।
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জুলিয়ানা নেরো ও ডিয়ানড্রা ডটিনের অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ২৫০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে কানিতা জলিলে অর্ধশতকের পরও ৩৭ ওভার ৩ বলে ১২০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আনিসা মোহাম্মদ ১৪ রানে ৭ উইকেট নিয়ে পাকিস্তানকে ধ্বংসস্তুপে পরিণত করেন। ১৯ উইকেট নিয়ে তিনিই টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারী।
এক পর্যায়ে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১১৬ রান। সেখান থেকে আর চার যোগ করতে শেষ ৫ উইকেট হারায় তারা।
৬১ বলে ছয়টি চারের সাহায্যে ৫৩ রান করেন কানিতা। এছাড়া নাইন আবিদি ২০ ও সানা মীর ১৭ রান করেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৭৬ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় উইকেটে নেরো ও ডটিন ৫৯ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। দলীয় ১৩৫ রানে সাজঘরে ফেরেন নেরো (৬২)। তার ৯৮ বলের ইনিংসে ছিলো ৯টি চার ও ১টি বিশাল ছক্কা।
পঞ্চম উইকেটে ডটিন ও স্ট্যাসি-অ্যান কিং ৯৪ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যান বড় সংগ্রহের দিকে। মাত্র ৫ রানের জন্য শতক বঞ্চিত হন ডটিন। ৪৯তম ওভারে ৯৫ রানে করে সাজঘরে ফিরে যান তিনি। ৫টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ওই রান করেন তিনি।
স্ট্যাসি অপরাজিত থাকেন ২৭ রানে। এছাড়া স্টেফানি টেলর ৩২ রান করেন।
পাকিস্তানের পক্ষে বিসমাহ মারুফ ২ উইকেট নেন ৩২ রানে।
দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা
ফতল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৯২ রান করে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৬৮ রান আসে সান্দ্রে ফ্রিটজের ব্যাট থেকে। তার ১২৬ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা রয়েছে।
ভালো শুরু করা দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ৯২ রান থেকে এক পর্যায়ে ১০৪/৬ এ পরিণত হয়। তবে সপ্তম উইকেটে জুটিতে সুনিট্টি লবসার ও শাবনিম ইসমাইল মিলে ৪৩ রানের জুটি গড়ে দলকে লড়াই করার পুঁজি এনে দেন।
এছাড়া শাবনিম দশম উইকেটে মোসেলিন দানিয়েলসকে সঙ্গে নিয়ে আরো ৩৪ রান যোগ করেন। যেখানে মোসেলিনের অবদান মাত্র ৩ রান। শেষ বলে আউট হওয়ার আগে করেন শাবনিম ৩১ রান ।
শ্রীলঙ্কার পক্ষে সান্দামালি দোলাওয়াত্তে ৩ উইকেট নেন ২৩ রান।
জবাবে চামারি আতাপাত্তুর অর্ধশতকের সুবাদে ৪৯ ওভার ৪ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
উদ্বোধনী জুটিতে চামারি ও যশোদা মেন্ডিস ১১৬ রান যোগ করে দলকে শক্ত ভিত গড়ে দেন। অর্ধশতক থেকে তিন রান দূরে থেকে যশোদা (৪৭) অ্যাকোনা নিয়িকির বলে ফ্রিটজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
দলের রানের সঙ্গে আর সাত রান যোগ হওয়ার পর তাকে অনুসরণ করেও চামারিও (৬০)। তার ৬৭ বলের ইনিংসে ছিলো ৫টি চার ও ২টি বিশাল ছক্কা।
এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দোলাওয়াত্তে ও চামানি সেনেবীরারতেœর দৃঢ়তায় জেতে শ্রীলঙ্কা। চামিন ২৫ রান করে সাজঘরে ফিরে গেলেও ২৯ রানে অপরাজিত থাকেন দোলাওয়াত্তে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে নিয়িকি ও মারিজানে কাপ দুটি করে উইকেট নেন।
নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
ব্যাট করতে নেমে ক্যারি-অ্যান টমলিসন ও অধিনায়ক হেলমেইন রামবালডোর অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ২৯৩ রান করে নেদারল্যান্ডস। সর্বোচ্চ ৭৩ রান আসে টমলিসনের ব্যাট থেকে। তার ৬৫ বলের ইনিংসে ৮টি চার ও দুটি বিশাল ছক্কা।
রামবালডো ৫৩ রান করতে খেলেন ৬৬ বল। তার ইনিংসটিতে ছয়টি চার রয়েছে।
এছাড়া মিরান্ডা ভারিংমায়ারা ৪৮, ডেনিস হানেমা ৩৯, এসথার লেনসার ৩৪ রান করেন। অতিরিক্ত খাত থেকে আসে ৩১ রান।
যুক্তরাষ্ট্রের পক্ষে আক্ষতা রাও ও এরিকা রেন্ডলার দুটি করে উইকেট নেন।
জবাবে পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে ১৬৭ রান করে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ ৩৭ রান আসে অতিরিক্ত খাত থেকে। এরিকা ৩৬ ও আনাহিতা আরোরা ৩২ রান করেন। ৩৬ রানে অপরাজিত থাকেন ট্রিহোল্ডার মার্শাল।
দক্ষিণ আফ্রিকার পক্ষে টমলিসন ৪ উইকেট নেন ৪২ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯৩৮ ঘ.
bdnews24