২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সফরেও উপেক্ষিত হরভজন

অস্ট্রেলিয়া সফরেও ভারতের ১৭ সদস্যের টেস্ট দলে জায়গা হয়নি অফস্পিনার হরভজন সিংয়ের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া সফরেও ভারতের ১৭ সদস্যের টেস্ট দলে জায়গা হয়নি অফস্পিনার হরভজন সিংয়ের। বল হাতে সময় ভালো কাটছে না তার। অস্ট্রেলিয়ায় শেষ সফরেও তেমন কিছু করতে পারেন নি তিনি। ২০০৭-০৮ মৌসুমে তিন টেস্টে ৬১.২৫ গড়ে ৮ উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজে দারুণ বল করা প্রজ্ঞান ওঝা ও রবীচন্দ্রন অশ্বিনের ওপরই ভরসা রেখেছেন ভারতের নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২.৯০ গড়ে ২২ উইকেট নেন অশ্বিন আর ওঝা ২২.৫০ গড়ে নেন ২০ উইকেট। এছাড়া তৃতীয় টেস্টে নিজের প্রথম টেস্ট শতক তুলে নেন অশ্বিন। আট ব্যাটসম্যান, দুজন উইকেটরক্ষক, পাঁচ পেসার ও দুই স্পিনার নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে উইকেটরক্ষক হিসেবে থাকছেন ঋদ্ধিমান সাহা। রাহুল শর্মার বদলে দলে ফিরেছেন প্রাভিন কুমার। লেগ স্পিনার রাহুল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পান নি। আর ম্যাচ খেলার মতো সুস্থ হলে দলে যোগ দেবেন পেসার জহির খান। দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভির, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব, বরুণ অ্যারন, রোহিত শর্মা, প্রজ্ঞান ওঝা, প্রাভিন কুমার, অজিঙ্কিয়া রাহানে, ঋদ্ধিমান সাহা, জহির খান (চিকিৎসকের ছাড়পত্র সাপেক্ষে)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪৫০ ঘ.