ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না মহেন্দ্র সিং ধোনি। পাঁচ ম্যাচের এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে ভারতের অধিনায়ককে। প্রথম তিন ম্যাচে বিশ্রাম পাচ্ছেন শচীন টেন্ডুলকারও।
শুক্রবার প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত ১৫ জনের দলে রাখা হয়নি যুবরাজ সিংকেও। এই বাঁহাতি অলরাউন্ডার অবশ্য এখনো চোট থেকে সেরে উঠতে পারেননি।
টেস্ট সিরিজের মতো এই দলেও উপেক্ষিত হরভজন সিং। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজেও সুযোগ পাননি এই অফস্পিনার।
ধোনিকে বিশ্রাম দেয়ায় প্রায় দুই বছর পর ভারতকে নেতৃত্ব দিতে যাচ্ছেন বীরেন্দর শেবাগ।
অধিনায়ক হওয়া পর এই নিয়ে তৃতীয় বারের মতো কোনো সিরিজে বিশ্রাম নিতে যাচ্ছেন ধোনি। এর আগে গত নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ড ও বিশ্বকাপের পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো ওয়ানডে সিরিজে তিনি খেলেননি।
প্রত্যাশিতভাবেই ভারতের ওয়ানডে দলে ফিরেছেন প্রাভিন কুমার ও বিনয় কুমার। পেস আক্রমণে তাদের সঙ্গী উমেশ যাদব ও বরুণ অ্যারন।
ভারতের দল: বীরেন্দর শেবাগ (অধিনায়ক), গৌতম গম্ভীর, বিরাট কোহলি, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), আজিঙ্কা রাহানে, মনোজ তিওয়ারি, সুরেশ রায়না, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ অ্যারন, উমেশ যাদব, রাহুল শর্মা, প্রাভিন কুমার ও বিনয় কুমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩০ঘ.
bdnews24