ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ানডে ও টি-টোয়েন্টি মর্যাদা পাওয়ায় শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
উচ্ছ্বসিত প্রশংসা আর আর্থিক পুরস্কারের ঘোষণার মধ্যেও আসল কাজটির কথা ঠিকই মনে রেখেছেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের সদস্যরা। পুরস্কার আর প্রশংসার আনন্দে ভেসে যেতে চান না তারা। বরং বাংলাদেশকে আরো আনন্দ আর উৎসবের উপলক্ষ্য এনে দেয়াই তাদের লক্ষ্য।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন বলেন, “আমরা এখানেই থেমে যেতে চাই না। দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার দারুণ সুযোগ এসেছে আমাদের সামনে।”
মাত্র তিন মাসের জন্য বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পেয়েছেন মমতা মাবেন। অথচ এত অল্প সময়েই তার অধীনে সাফল্যের আনন্দে অধীর বাংলাদেশের মেয়েরা। এই ভারতীয় কোচেরও দৃঢ় বিশ্বাস, সালমাদের আরো অনেক দূর যাওয়ার ক্ষমতা আছে।
তিনি বলেন, “সঠিক সহায়তা দেয়া হলে মেয়েরা আরো বড় কিছু অর্জন করতেও সক্ষম। ধীরে-ধীরে তাদের সেই সামর্থ্য তৈরি হচ্ছে।”
“ওয়ানডে মর্যাদা পেয়ে আমাদের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। এখন এই মর্যাদা সমুন্নত রাখা ও আরো উন্নতির জন্য বিসিবিকেই এগিয়ে আসতে হবে। এতো দিন তারা যেভাবে মেয়েদের সহায়তা দিয়ে এসেছেন তা অব্যাহত থাকলে আরো ভালো করা অবশ্যই সম্ভব,” যোগ করেন তিনি।
বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল বেশ কয়েক বার মেয়েদের জন্য আলাদা ক্রিকেট একাডেমি গড়ার প্রতিশ্র“তি দিয়েছেন। প্রতিটি বিভাগে বিশেষজ্ঞ কোচ নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিশ্র“তিগুলো যত দ্রুত সম্ভব পূরণ করার অঙ্গীকার করেন তিনি।
তিনি বলেন, “মেয়েরা আমাদের জন্য বিশাল সম্মান বয়ে এনেছেন। সে তুলনায় আমরা তাদের জন্য কিছুই করিনি বলা যায়।”
বাংলাদেশ দলের স্পন্সর ডায়মন্ড ওয়ার্ল্ড প্রত্যেক ক্রিকেটারের জন্য ১০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেছে। দলকে ৫ লাখ টাকা পুরস্কার দিচ্ছে প্রিমিয়ার ব্যাংক। বিসিবি সভাপতিও দলকে ৫ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন।
বিসিবির পক্ষ থেকে মুস্তফা কামাল প্রত্যেক ক্রিকেটারের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন। এছাড়া এখন পর্যন্ত মহিলা বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ ১৭টি উইকেট নেয়া খাদিজা-তুল কুবরাকে আরো এক লাখ এবং অধিনায়ক সালমা, শুকতারা রহমান ও কোচ মমতা মাবেনকে আরো ২৫ হাজার টাকার চেক দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১৬ঘ.
bdnews24