ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন যুগের সূচনা হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে শনিবার সকাল ৯টা থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে।
শনিবার প্রতিযোগিতার শেষ দিনে ম্যাচ আছে আরো তিনটি। শীর্ষস্থান নির্ধারণের লড়াইয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর বিকেএসপির তিন নম্বর মাঠে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে খেলবে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।
গ্র“প পর্বে আয়ারল্যান্ডকে ৯৫ রানের বড় ব্যবধানে হারানোয় জয়ের ব্যাপারে বাংলাদেশের আত্মবিশ্বাসের অভাব নেই। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন দলের সাফল্যে বাধা হয়ে দাঁড়াতে না পারে সেজন্য ভীষণ সতর্ক স্বাগতিকদের অধিনায়ক সালমা খাতুন।
বাংলাদেশকে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিতে যাচ্ছেন বলে সালমার কিছুটা হলেও øায়ুর চাপে ভোগার কথা। তিনি অবশ্য এ নিয়ে মোটেও চিন্তিত নন। দলের জয়ই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সালমা বলেন, “আমরা জয় দিয়ে শুরু করতে চাই। আগের খেলায় আয়ারল্যান্ডকে হারানোয় মানসিকভাবে আমরা এগিয়ে থাকবো। ওদেরকে আরেকবার হারানোর আত্মবিশ্বাসও আমাদের আছে।”
তিনি বলেন, “ওয়ানডে মর্যাদা পাওয়ার পর এটাই আমাদের প্রথম ম্যাচ। আশা করি আমরা ভালো খেলবো। স্পিন মূল শক্তি বলে আশা করি এই ম্যাচেও স্পিনাররা ভালো করবেন।”
“আমাদের বোলিং বেশ শক্তিশালী। আয়ারল্যান্ডের সঙ্গে আগের লড়াইয়েও সেটাই ব্যবধান গড়ে দিয়েছিলো। এবার আমরা ব্যাটিংও ভালো করতে চাই,” যোগ করেন বাংলাদেশের অধিনায়ক।
গ্র“প পর্বে খাদিজা তুল কোবরা ৩২ রানে ৬ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন আয়ারল্যান্ডকে। ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলারও তিনি। বল হাতে সালমা, শুকতারা আর রুমানা আহমেদও ভালো করছেন।
বোলারদের কল্যাণে প্রতিপক্ষকে কম রানে বেধে ফেলতে পারছে বাংলাদেশ। যে কারণে সালমা ও শুকতারা ছাড়া আর কেউ ব্যাট হাতে সাফল্য না পেলেও তিনটি ম্যাচ জিততে তেমন সমস্যা হয়নি স্বাগতিকদের।
নেদারল্যান্ডসকে হারিয়ে ওয়ানডে মর্যাদা ধরে রাখা আয়ারল্যান্ডও বেশ শক্তিশালী। জিল হোয়েলান, সিসিলিয়া জয়েস ও ইসোবেল জয়েসরা বাংলাদেশের কাছে হারকে নিজেদের জন্য ‘লজ্জা’ হিসেবে দেখছেন। ঐ ম্যাচের পর তারা বাংলাদেশের সঙ্গে পরের লড়াইয়েই প্রতিশোধ নেয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। আইরিশ মেয়েদের মতে তাদের হারটা ছিলো ‘অঘটন’।
তবে বাংলাদেশ তা মানতে রাজি নয়। ঐ জয় যে অঘটন ছিলো না নিজেদের প্রথম আন্তর্জাতিক ওয়ানডেতেই তা বুঝিয়ে দিতে চান সালমারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৩ঘ.
bdnews24