ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাত্র ছয় রানের জন্য শততম আন্তর্জাতিক শতকের দেখা পাননি শচীন টেন্ডুলকার। তবে জীবনের প্রথম টেস্ট শতক করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তার ব্যাটিং-সাফল্যে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৪৮২ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৮১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে অতিথিরা এগিয়ে ১৮৯ রানে।
মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারি শুক্রবার সকালেই ভরে যায় ‘ঘরের ছেলে’ টেন্ডুলকারের শততম শতক দেখার আশায়। কিন্তু গ্যালারি ভরা মানুষকে হতাশ করে ৯৪ রান করে আউট হয়ে যান ক্রিকেট-ইতিহাসের সফলতম ব্যাটসম্যান।
৩ উইকেটে ২৮১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। তৃতীয় দিনশেষে টেন্ডুলকার ৬৭ ও ভিভিএস লক্ষ্মণ ৩২ রানে অপরাজিত ছিলেন। তবে শুক্রবার আর কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন লক্ষ্মণ।
দলীয় ২৮৭ রানে লক্ষ্মণ ফিরে গেলেও টেন্ডুলকার এমনভাবে ব্যাট করছিলেন যে মনে হচ্ছিল শততম শতক বোধহয় পেয়েই যাবেন। বল খেলছিলেন মাঝ ব্যাট দিয়ে। টাইমিংও হচ্ছিলো চমৎকার। কিন্তু হঠাৎ একটা বাজে শট খেলে বসলেন তিনি। পেসার রবি রামপলের অফ-স্টাম্পের বাইরের একটি বল ড্রাইভ করতে চেয়েছিলেন। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে জমা পড়ে দ্বিতীয় স্লিপে থাকা ড্যারেন স্যামির হাতে।
টেন্ডুলকারের ১৫৩ বলের ইনিংসে আটটি চার ও দুটো ছক্কা। এ নিয়ে টেস্ট ক্রিকেটে দশমবারের মতো ৯০-এর ঘরে আউট হলেন তিনি। তার ৯৯তম আন্তর্জাতিক শতক এসেছিলো গত মার্চে, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাগপুরে।
তবে টেন্ডুলকার শতক পেতে ব্যর্থ হলেও অশ্বিন সেই ভুল করেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়া অশ্বিনের ১১৮ বলে খেলা ১০৩ রানের চমৎকার ইনিংসটি সাজানো ১৫টি চার ও দুটি বিশাল ছক্কায়। সপ্তম উইকেটে বিরাট কোহলিকে (৫২) নিয়ে ৯৭ রানের দারুণ এক জুটি গড়েন তিনি।
৩টি করে উইকেট নেন মারলন স্যামুয়েলস ও রবি রামপল।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ক্রেইগ ব্র্যাথওয়েইট ৩৪ ও ড্যারেন ব্র্যাভো ২৭ রান নিয়ে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে দুজনের অবদান ৫১ রান। আউট হয়েছেন অ্যাড্রিয়ান বারাথ (৫) ও কার্ক এডওয়ার্ডস (১৭)। দুটো উইকেটই বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝার।
তিন টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএনএম/এএআর/১৮৩৩ঘ.
bdnews24