ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবুধাবীতে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে পেটের পেশীতে চোট পাওয়ায় বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের পেসার জুনায়েদ খান।
পাকিস্তান দলের সাহযোগী ম্যানেজার নওশাদ আলী ইএসক্রিকইনফোকে বলেন, “চোটের কারণে প্রায় ছয় সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে জুনায়েদের। আপাতত তাকে বিশ্রামে থাকতে হবে, এর পর যেতে হবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে।”
বাংলাদেশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও তিনটি ওয়ানডের পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতেও খেলা হচ্ছে না তার।
ডান কাঁধে চোট পাওয়ায় আব্দুল রাজ্জাকের বাংলাদেশ সফর নিয়েও সংশয় রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ১২ উইকেট নেন জুনায়েদ। তবে প্রথম চারটি একদিনের ম্যাচে আইজাজ চিমাকে জায়গা দিতে গিয়ে দর্শক হয়ে থাকতে হয় জুনায়েদকে।
নওশাদ বলেন, “আমরা এখনো তার বিকল্প ঠিক করিনি। তবে পুনর্বাসনের জন্য তাকে দেশে ফিরে যেতে হবে।”
“পঞ্চম ওয়ানডে শেষে দলের সভায় জুনায়েদের বিকল্পের ব্যাপারে আলোচনা হবে। এরই মধ্যে আমরা রাজ্জাককে হারিয়েছি তাই জুনায়েদের বিকল্প খুবই জরুরি,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৩ ঘ.
bdnews24