ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ সফরের জন্য সোমবার দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। তার জায়গায় টেস্ট দলে ফিরেছেন মোহাম্মদ তালহা। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে খেলা পাকিস্তানের বাকি দল অপরিবর্তিত রয়েছে।
ধারণা করা হচ্ছে ‘স্পট ফিক্সিং’ কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাওয়ায় ওয়াহাবকে বাদ দেয়া হয়েছে। যদিও এই বিষয়ে পিসিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
২৬ বছর বয়সী ওয়াহাব শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। আর ওয়ানডে দলে রাখাই হয়নি তাকে।
পাকিস্তানের অন্যতম দ্রুততম বোলার তালহার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০৯ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে লাহোর টেস্টে। যে ম্যাচটি শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসের উপর সন্ত্রাসী হামলার কারণে চিরস্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট-ইতিহাসে। এরপর আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি ২৩ বছর বয়সী তালহার।
২৬ ডিসেম্বর আবুধাবি থেকে ঢাকার পথে রওয়ানা হওয়ার কথা পাকিস্তান দলের। এই সফরে একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা।
পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইমরান ফারহাত, শহিদ আফ্রিদি, ইউনুস খান, উমর আকমল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সাঈদ আজমল, আব্দুল রেহমান, উমর গুল, আইজাজ চিমা, জুনায়েদ খান, সোহেল তানভীর, আব্দুল রাজ্জাক ও আসাদ শফিক।
টেস্ট দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, তৌফিক উমর, ইমরান ফারহাত, ইউনুস খান, আজহার আলী, আসাদ শফিক, শোয়েব মালিক, আদনান আকমল (উইকেটরক্ষক), সাঈদ আজমল, আব্দুল রেহমান, উমর গুল, মোহাম্মদ তালহা, আইজাজ চিমা ও জুনায়েদ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৫৮ঘ.
bdnews24