ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের কাছে রানে ৫৫ হেরেছে বাংলাদেশ 'এ' দল।
এ জয়ের ফলে দুই ম্যাচের সিরিজ শেষ হল ১-১ সমতায়।
সেন্ট লুসিয়ায় টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক ডোয়াইন স্মিথের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ১৫২ রান করে ওয়েস্ট ইন্ডিজ 'এ'। জবাবে ৯ উইকেটে ৯৭ রান করে বাংলাদেশ 'এ'।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৩ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ 'এ'। প্রথম আট ব্যাটসম্যানের মধ্যে কেবল মুমিনুল হক ও রকিবুল হাসান দুই অঙ্কের ঘরে পৌঁছান।
মুমিনুলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪২ রান। এছাড়া সোহরাওয়ার্দী শুভ ১৭ ও রকিবুল ১১ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের পক্ষে কৃষমার সান্টোকি ৪ উইকেট নেন ২৪ রানে।
এর আগে স্মিথের অপরাজিত ৭১ রানের সুবাদে বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। ৫৫ বলে ৮টি চার ও দুটি বিশাল ছক্কার সাহায্যে এ রান করেন স্মিথ।
এছাড়া মাইলস ব্যাসকম্ব ২৯ ও ডেভন থমাস ২৫ রান করেন।
বাংলাদেশ 'এ' দলের পক্ষে শুভ ২ উইকেট নেন ৩০ রানে।
২৩ নভেম্বর থেকে কিংসটাউনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দল দুটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০১৭ ঘ.
bdnews24