ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাতানো খেলা নিয়ে সাবেক খেলোয়াড় বিনোদ কাম্বলির অভিযোগ শনিবার উড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় কাম্বলির কাছে তার মন্তব্যের সপক্ষে প্রমাণ চেয়েছে।
কলকাতার ইডেন গার্ডেনসে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৯৬ সালের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি পাতানো ছিলো বলে স¤প্রতি অভিযোগ তুলেছেন কাম্বলি। একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকালে তিনি এই অভিযোগ তোলেন। ওই ম্যাচে ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি।
ওই ম্যাচে ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২০ রানেই ৮ উইকেট হারিয়ে বসে ভারত। এরপর মাঠের দর্শকরা উত্তেজিত হয়ে পড়লে খেলা বন্ধ করে দিতে হয়। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন কাম্বলি। পরে জাতীয় দল থেকেও বাদ পড়েন তিনি।
যদিও ওই ম্যাচে ভারতের অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও কাম্বলির অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেছেন. ওই ম্যাচে অবৈধ কিছুই হয়নি।
এই বিষয়ে বিসিবির সহসভাপতি রাজীব শুক্লা বলেন, "ঘুম থেকে জেগে ১৫ বছর আগের একটি ঘটনা নিয়ে যদিও কেউ কোনো অভিযোগ করে তবে আমার মনে হয় না সেটা তেমন আমলে নেয়ার প্রয়োজন আছে।"
তবে ক্রীড়ামন্ত্রী অজয় ম্যাকেন এই বিষয়ে কাম্বলিকে প্রমাণ উপস্থাপন করতে বলেছেন।
ম্যাকেন বলেন, "যখন দলের কোনো খেলোয়াড় অভিযোগ তোলে তখন সেটা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। এটা নিয়ে সঠিকভাবে তদন্ত হবে এবং সত্যিই যদি অবৈধ কিছুর প্রমাণ পাওয়া যায় তবে জড়িতদের অবশ্যই শাস্তি দেয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৫২ ঘ.
bdnews24