২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শততম শতক নিয়ে চিন্তিত নন টেন্ডুলকার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লিতে হলো না, কলকাতাতেও না। এখন মুম্বাইয়ে নিজের চিরচেনা ওয়াংখেড়ে স্টেডিয়ামে কি তিনি তার শততম আন্তর্জাতিক শতকের মুখ দেখতে পাবেন? ভক্তরা অবশ্য চাইছেন হয়েই যাক। ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে কে না চায়। কিন্তু শচীন টেন্ডুলকারের মাথায় এসব চিন্তার বালাই নেই। তার কাছে এটা কেবলই একটা সংখ্যা মাত্র, এর বেশি কিছুই নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লিতে হলো না, কলকাতাতেও না। এখন মুম্বাইয়ে নিজের চিরচেনা ওয়াংখেড়ে স্টেডিয়ামে কি তিনি তার শততম আন্তর্জাতিক শতকের মুখ দেখতে পাবেন? ভক্তরা অবশ্য চাইছেন হয়েই যাক। ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে কে না চায়। কিন্তু শচীন টেন্ডুলকারের মাথায় এসব চিন্তার বালাই নেই। তার কাছে এটা কেবলই একটা সংখ্যা মাত্র, এর বেশি কিছুই নয়। মুম্বাইয়ের একটি পত্রিকাকে টেস্ট ও একদিনের ক্রিকেটের সফলতম ব্যাটসম্যান টেন্ডুলকার শুক্রবার বলেন, "আমি মনে করি এটা শুধু মাত্র একটি সংখ্যা।" "এটা নিয়ে আমি চিন্তাই করছি না। আমার যতো ভাবনা সব ভালো ক্রিকেট খেলা নিয়ে," যোগ করেন তিনি। ভক্তদের আশা নিজের হাতের তালুর মতো চেনা মাঠে শততম শতক হাঁকাবেন টেন্ডুলকার। কিন্তু তিনি বলছেন, এটা নিয়ে এতো বাড়াবাড়ি কেন, তা তার মাথায় ঢোকে না। টেন্ডুলকারের নিজের ভাষায়, "যখন আমি নব্বইতম শতক হাঁকাই, তখন কেউ কোনো কথা বলেননি। এমন কি, ৯৯তম শতক হাঁকানোর পরও কেউ কোনো কথা বলেননি। তাহলে এখন কেন? আমি তা বুঝতে পারি না।" "আমি জানি প্রত্যেকেই আমার শততম শতক নিয়ে চিন্তাভাবনা করছেন, কথা বলছেন। কিন্তু এ ব্যাপারে আমার মধ্যে কোনো উদ্বেগ নেই। আমি নিরুদ্বেগ থাকতে চাই এবং ক্রিকেটকে ক্রিকেটের পথে চলতে দিতে চাই। আমি তড়িঘড়ি করে কিছু করতে চাই না। কেবল মনোযোগ দিতে চাই আমার স্বাভাবিক খেলার দিকে, যোগ করেন তিনি। এ বছরের মার্চে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাগপুরে ৯৯তম শতক হাঁকানোর পর চারটি একদিনের ও ছয়টি টেস্ট খেলেছেন টেন্ডুলকার। কিন্তু শতকের মুখ দেখেননি। তবে তিনবার শতকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সাজঘরের পথ ধরেন ৮৫ রান করে। অগাস্টে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে ৯১ রান করে বিদায় নেন। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে ফিরে যেতে হয় ৭৬ রান করে। টেন্ডুলকার বলেন, ক্রিকেটের শীর্ষ পর্যায়ে ২২ বছর পার করে দেয়াই তার কাছে অনেক বেশি তৃপ্তির। "এটি একটি চমৎকার অনুভূতি," বলেন তিনি, "এতো লম্বা সময় ধরে আমি আমার দেশের হয়ে খেলে যেতে পারছি-এটিই আমাকে অনেক বেশি আনন্দ ও তৃপ্তি দিচ্ছে।" ১৮৩ টেস্টে ৫১টি শতকসহ টেন্ডুলকার রান করেছেন ১৫,০৮৬। আর ৪৫৩টি একদিনের ম্যাচ খেলে রান করেছেন ১৮,১১১। শতক হাঁকিয়েছেন ৪৮টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪৭ ঘ.