২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেরেই গেল রাজশাহী

ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ পর্বের খেলায় খুলনার কাছে ৩১ রানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ পর্বের খেলায় খুলনার কাছে ৩১ রানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় বরিশাল ও রংপুরের মধ্যকার চতুর্থ ও শেষ দিনের খেলায় মাঠে কোনো বল গড়ায়নি। পরে ম্যাচ ড্র ঘোষণা করা হয়। এদিকে জয়ের জন্য বৃহস্পতিবার শেষ দিনে রাজশাহীর প্রয়োজন ছিল ২৩৮ রান। কিন্তু বিনা উইকেটে ৪৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা রাজশাহী সবকয়টি উইকেট হারিয়ে ২০৬ তুলতে সক্ষম হয়। এদিন ৯৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়া রাজশাহীকে ওই অবস্থা থেকে টেনে তোলেন আনিস ও জুবায়ের। পঞ্চম উইকেটে ৬৯ রান যোগ করেন তারা। কিন্তু আব্দুর রাজ্জাকের বলে জুবায়ের বোল্ড হয়ে গেলে খেলায় ফেরে খুলনা। এক পর্যায়ে রাজশাহীর স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৩৮ রান। এ অবস্থায় অষ্টম উইকেটে আনিস ও সানজামুল মিলে দলকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন। এই জুটি দলের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ৬১ রান যোগ করে। তবে মাত্র ১৮ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ফেলায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি রাজশাহীর। দশম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন দলীয় সর্বোচ্চ ৭১ রান করা আনিস। তার ১২৮ বলের ইনিংসে ৩টি চার ও ছয় ১টি ছিলো। এছাড়া সানজামুল ইসলাম ৩৬, জুবায়ের আহমেদ ৩৫ ও মিজানুর রহমান ৩৫ রান করেন। খুলনার পক্ষে তাপস ঘোষ, ডলার মাহমুদ ও আব্দুর রাজ্জাক তিনটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০১২ ঘ.