ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের ২৬ বছর বয়সী এক ব্যক্তির যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে বিখ্যাত ক্রিকেট লেখক ও ধারাভাষ্যকার পিটার রুবাককে পুলিশ আটক করতে গেলে হোটেল কক্ষের জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ধারাভাষ্যকার জিম ম্যাক্সওয়েল।
ফেসবুকের একটি মেইলের সূত্র ধরে রুবাকের বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়। রুবাকের সঙ্গে জিম্বাবুয়ের ওই ব্যক্তির ফেসবুকে নিয়মিত যোগাযোগ ছিলো।
কক্ষে পুলিশ আসার পর রুবাক টেলিফোনে ম্যাক্সওয়েলের কাছেই সাহায্য চেয়েছিলেন।
অস্ট্রেলিয়ার চলমান দক্ষিণ আফ্রিকা সফরে ফেয়ারফ্যাক্স মিডিয়া ও অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) প্রতিনিধি হয়ে দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন ৫৫ বছর বয়সী রুবাক। শনিবার কেপটাউনে স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে মারা যান তিনি।
জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ার কিছুক্ষণ আগে এবিসির সহকর্মী ম্যাক্সওয়েলের কাছে সাহায্য চেয়ে ফোন করেছিলেন রুবাক। প্রবীণ ওই সাংবদিক রুবাকের কক্ষে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে দেখতে পান।
পরে এবিসিকে ম্যাক্সওয়েল বলেন, "পুলিশ আসার কী হয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত। মূলত তার (রুবাকের) বিরুদ্ধে একটি যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত করতে পুলিশ সেখানে গিয়েছিলো। তারা রুবাককে ওই দিন (শনিবার) গ্রেপ্তার করে সোমবার আদালতে পেশ করতে চেয়েছিলেন।"
"(রুবাকের) ভয়ার্ত আকুতি মেশানো ফোন পেয়ে তার কক্ষে গিয়ে আমি এটাই দেখেছি। তিনি প্রচন্ড হতাশ ছিলেন। যখন আমি ওখানে পৌঁছাই তখন গোয়েন্দা কর্মকর্তা আমার কাছে আসেন এবং আমাকে বিস্তারিত সব কিছু দেখান," যোগ করেন তিনি।
ম্যাক্সওয়েল আরো জানান, তিনি প্রায় দুই মিনিট ওই কক্ষে ছিলেন। এরপর যে পুলিশ কর্মকর্তা রুবাককে আটক করতে এসেছেন তাকে নিয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন। তখন তিনি রুবাককে জানালার পাশে একটি চেয়ারে বসে থাকতে দেখেন।
পুলিশ ওই সময় ম্যাক্সওয়েলকে নিশ্চিত করেন যে, জিম্বাবুয়ের ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তারা রুবাককে গ্রেপ্তার করেই হোটেল ত্যাগ করবেন। ম্যাক্সওয়েল কক্ষ ত্যাগের পরপরই জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন রুবাক।
পরে দক্ষিণ আফ্রিকা পুলিশ তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে।
রুবাকের অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে মন্তব্য করতে গিয়ে ম্যাক্সওয়েল ফেয়ারফ্যাক্সকে বলেন, তিনি বিশ্বাস করেন না যে তখন 'সন্দেহজনক' কিছু ঘটেছিলো। ওই সময় একজন পুলিশ কর্মকর্তা কক্ষের ভিতরে ছিলেন। যদিও তার সাক্ষ্য সত্য বলে ধরে নেয়া কঠিন। তিনি বলেন, "তার (রুবাকের) মানসিক অবস্থা বিবেচনা করলে বোঝা যায় ওই সময় তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছিলো। এটাই আমার ধরণা।"
৩৩৩টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা যুক্তরাজ্যের নাগরিক রুবাক পরে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেন। ক্রিকেট লেখক হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা রুবাক জনহিতকর কাজও করতেন। 'লার্নিং ফর এ বেটার ওয়ার্ল্ড' নামে একটি ট্রাস্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের উচ্চ শিক্ষার জন্য অনেক অর্থ দিতেন তিনি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২২ঘ.
bdnews24