ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে জয় পেয়েছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রকে ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারানো দক্ষিণ আফ্রিকাও দ্বিতীয় জয়ের আনন্দে অধীর। আর সোমবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়া শ্রীলঙ্কা ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে।
পাকিস্তান-আয়ারল্যান্ড
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে 'বি' গ্র"পের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ৩ বলে ১৪০ রানে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে ৩২ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। এটি আয়ারল্যান্ডের টানা দ্বিতীয় হার।
লক্ষ্য তাড়া করতে নেমে কানিতা জলিল (২৮) ও অধিনায়ক সানা মীর (৩৪) উদ্বোধনী জুটিতে ৫০ রান করে দলকে শক্ত ভিত গড়ে দেন। তারা বিদায় নেয়ার পর জাভেরিয়া খান ও বিসমাহ মারুফের ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি সহজ জয় এনে দেয় পাকিস্তানকে।
জাভেরিয়া ৪১ ও বিসমাহ ২২ রানে অপরাজিত ছিলেন।
এর আগে জিল হোয়েলানের ৩৫ ও অধিনায়ক ইসোবেল জয়েসের ২৩ রানের সুবাদে ভালো সংগ্রহ গড়ার আভাস দিলেও শেষ পর্যন্ত দেড় শও করতে পারেনি আয়ারল্যান্ড। ম্যাচ সেরা নির্বাচিত সাদিয়া ইউসুফের (৪/১৯) দুর্দান্ত বোলিংই তার প্রধান কারণ।
শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 'এ' গ্র"পের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে ৪১ ওভার ৩ বলে মাত্র ৬১ রানে অলআউট হয়ে যায় নেদাল্যান্ডস। জবাবে ১৪ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের মতো নেদাল্যান্ডসেরও এটি টানা দ্বিতীয় হার।
ডাচদে পক্ষে কেরি-অ্যান টমলিনসন (১৫), ডেনিস হান্নেমা (১২) এবং এসথার ল্যান্সার (১০) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন নি।
উদেশিকা প্রাবোধানি, শেরিনা রবিকুমার ও সুইনি ডি অলবিস দুটি করে উইকেট নেন।
জবাবে চামারি জায়ানগানি (২০) ও ইয়াশোদা মেন্ডিসের (২৬) ৪৬ রানের উদ্বোধনী জুটি সহজেই লক্ষ্যে পৌঁছে দেয় শ্রীলঙ্কাকে।
দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে সান্দ্রে ফ্রিটজ ও তৃষা ছেট্টির অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ৩৪৩ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে পুরো ৫০ ওভার খেললে ৯ উইকেটে ১৪৫ রানের বেশি করতে পারেনি যুক্তরাষ্ট্র।
ফ্রিটজ ও ছেট্টির উদ্বোধনী জুটি ঠিক দুশ রান উপহার দেয় দক্ষিণ আফ্রিকাকে। শতক থেকে ৫ রান দূরে দাঁড়িয়ে সামান্থা রামাউটারের বলে বোল্ড হয়ে যান ছেট্টি (৯৫)। ১০২ বলের ইনিংসে ১১টি চার।
ফ্রিটজও (৯৩) অল্পের জন্য শতকের দেখা পাননি। রামাউটারের বলেই দুর্গা দাসের হাতে ক্যাচ দেন তিনি। ১০৪ বলের ইনিংসটি সাজানো ১০টি চার ও দুটি বিশাল ছক্কায়।
উদ্বোধনী জুটির গড়ে দেয়া ভিত কাজে লাগাতে ভুল করেননি ক্রি-জেল্ডা ব্রিটস (৪৩), অধিনায়ক মিগনন দু পেরেজ (৪০) ও ভ্যান ডান ওয়েস্টহুইজেন। ওয়েস্টহুইজেন ৩০ রানে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় যুক্তরাষ্ট্র। বাকি সময় ব্যাটিং প্র্যাকটিসের দিকে মনযোগ দিলেও দেড় শও করতে পারেনি তারা।
যুক্তরাষ্ট্রের ইনিংসে সর্বোচ্চ ৩৪ রান আসে অতিরিক্ত খাত থেকে। জোয়ান আলেক্সান্ডার সেরানো ২৯ রান করেন। এরিকা র্যান্ডলার অপরাজিত থাকেন ২৬ রানে।
২৯ রানে ৩ উইকেট নেয়া ডেন ভ্যান নিকার্ক দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৭ঘ.
bdnews24