ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম দিন শতক এসেছিলো রাহুল দ্রাবিড়ের ব্যাট থেকে। মঙ্গলবার দ্বিতীয় দিনে শতক করলেন ভিভিএস লক্ষ্মণ ও মহেন্দ্র সিং ধোনি। তিন জনের শতকের সুবাদে কলকাতায় দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে ৬৩১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের জবাবটা মোটেই ভালো হচ্ছে না। দিনশেষে তাদের সংগ্রহ ৩৪/২।
ইডেন গার্ডেনসে ৫ উইকেটে ৩৪৬ রান নিয়ে খেলা শুরু করা স্বাগতিকরা দিনের একাদশ ওভারে হারায় যুবরাজ সিংকে। ড্যারেন স্যামি এলবিডব্লিউর ফাঁদে ফেলেন যুবরাজকে (২৫)। তবে অধিনায়কের সৌজন্যে পাওয়া আনন্দ হতাশায় পরিণত হতেও সময় লাগেনি অতিথিদের। কারণ লক্ষ্মণ ও ধোনির ২২৪ রানের চমৎকার জুটি।
পঞ্চম টেস্ট শতককে ১৪৪ রান পর্যন্ত টেনে নিয়ে যাওয়া ধোনি চা-বিরতির পর প্রথম ওভারেই কেমার রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ১৭৫ বলের অধিনায়কোচিত ইনিংসটি সাজানো ১০টি চার ও ৫টি বিশাল ছক্কায়।
এরপর আর বেশিক্ষণ ব্যাট করেনি ভারত। ইনিংস ঘোষণার সময় সপ্তদশ টেস্ট শতক পাওয়া লক্ষ্মণ অপরাজিত ছিলেন ১৭৬ রানে। ২৮০ বলের ইনিংসটিতে ১২টি চার।
২টি করে উইকেট নেন স্যামি ও রোচ।
বিশাল রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় এবং নবাগত পেসার উমেশ যাদবের প্রথম ওভারের দ্বিতীয় বলেই স্লিপে বীরেন্দর শেবাগকে ক্যাচ দেন অ্যাড্রিয়ান বারাথ (১)।
অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েইটও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৭ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে গৌতম গম্ভীরের হাতে ধরা পড়েন তিনি। দিনশেষে তাই অতিথিদের কপালে দুশ্চিন্তার গাঢ় ভাঁজ!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০৯ঘ.
bdnews24