২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রাবিড়ের শতকে প্রথম দিনে এগিয়ে ভারত

রাহুল দ্রাবিড়ের শতকের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কিছুটা এগিয়ে ভারত। দিন শেষ প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৩৪৬ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাহুল দ্রাবিড়ের শতকের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কিছুটা এগিয়ে ভারত। দিন শেষ প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৩৪৬ রান। ভিভিএস লক্ষ্মণ ৭৩ রানে অপরাজিত রয়েছেন। কলকাতার ইডেন গার্ডেনসে দিনের খেলার একেবারে শেষ মুহূর্তে দ্রাবিড় ও ইশান্ত শর্মার উইকেট দুইটি তুলে নিয়ে লড়াইয়ে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২০৭ বলে ১১৯ রান করেন দ্রাবিড়। এটি তার ৩৬তম টেস্ট শতক। আর এই বছরে পঞ্চম। এর আগে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। দুই উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভির ও বিরেন্দ্র শেবাগ মিলে দলকে ভালো সূচনা এনে দেন। দলীয় ৬৬ রানে বিদায় নেন শেবাগ (৩৮)। তিন নম্বরে ব্যাট করতে নামেন 'দ্য ওয়াল' খ্যাত দ্রাবিড়। নিজের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে কলকাতার দর্শকদের মুগ্ধ করে রাখেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে ৮৩ রান যোগ করেন গম্ভির ও দ্রাবিড়। ৮টি চারের সাহায্যে ১০৩ বলে ৬৫ রান করেন গম্ভির। আর একটি শতক পেলেই শতকের শতক হয়ে যাবে শচীন টেন্ডুলকারের। পুরো বিশ্ব তাকিয়ে আছে সেই দিকে। কিন্তু এই ইনিংসে হতাশই হতে হলো তাদের। ৩৮ রান করে দেবেন্দ্র বিশুর বলে মরলন স্যামুয়েলসের হাতে ধরা পড়েন টেন্ডুলকার। টেন্ডুলকারের বিদায়ের পর ব্যাট হাতে নামেন লক্ষ্মণ। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের হতাশ করে খেলে যেতে থাকেন দ্রাবিড় ও লক্ষ্মণ। এক সময় মনে হচ্ছিলো অপরাজিত থেকেই দিন শেষ করতে যাচ্ছেন তারা। তবে ৮৭ ওভারের শেষ বলে দ্রাবিড়কে বোল্ড করেন ক্রেইগ ব্র্র্যাথওয়েইট। এক রানের ব্যবধানে নাইটওয়াচ ম্যান শর্মাকে ফিরিয়ে দেন কেমার রোচ। ভারতের পাঁচটি উইকেট ভাগাভাগি করে নেন ওয়েস্ট ইন্ডিজের পাঁচ বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭২৯ ঘ.