ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে মনে করছেন দলের অধিনায়ক সালমা খাতুন।
রূপসী বাংলা হেটেলে এক সংবাদ সম্মেলনে সালমা বলেন, "বাছাই পর্বের জন্য আমাদের প্রস্তুতি বেশ ভালো।"
প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তানকে শক্তিশালী দল হিসেবে মানলেও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
তিনি বলেন, "পাকিস্তানের সঙ্গে এর আগে আরো পাঁচ বার খেলেছি। তার মধ্যে চার বার হারলেও একবার জিতেছি।"
"এশিয়ান গেমসের ফাইনালে তাদের বিপক্ষে হার এখনো আমাদের পোড়ায়। এবার আমরা প্রস্তুত। তাদের জন্য আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। তাদের হারাতে সবার মধ্যে একটা জেদ কাজ করছে," যোগ করেন তিনি।
প্রস্তুতি ম্যাচে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের হারের পেছনে দলের ব্যাটিংকেই দায়ী করেছেন স্বাগতিক অধিনায়ক।
তিনি বলেন, "আমাদের ব্যাটিং ভালো হয়নি। তবে এ নিয়ে আমরা কাজ করেছি।"
"আমাদের ব্যাটিং বেশ ভালো। কোনো কারণে তারা ভালো খেলেননি। তবে এবার তারা নিজেদের স্বাভাবিক খেলা খেলবেন বলে আশা করছি," যোগ করেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসবে বলে জানিয়েছেন সালমা।
সব ম্যাচে জয়ের জন্য নামলেও বাংলাদেশের প্রথম লক্ষ্য থাকবে শীর্ষ ছয়ে নিজেদের স্থান নিশ্চিত করা। প্রথম ছয়টি দলে থাকলে ওয়ানডে মর্যাদা পাবে বাংলাদেশ। স্বাগতিক হওয়ায় দলের ওপর প্রত্যাশা বিশাল চাপ থাকলেও তা মেনে নিয়েই ভালো খেলার প্রতিশ্র"তি দিয়েছেন সালমা।
সালমা বলেন, "এই টুর্নামেন্ট আমাদের দেশের ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার হবে। এখন অনেক মেয়েই ক্রিকেটের ব্যাপারে আগ্রহী হবে।"
৩ বছর আগে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের অধিনায়ক সানা মীর। প্রথম ম্যাচের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন তিনি।
তিনি বলেন, "প্রথম ম্যাচের পর আশা করছি আমরা 'হোম টিম' এর মতো সমর্থন পাবো।"
দলে তিন চার জন উঁচু মানের অলরাউন্ডার থাকায় টুর্নামেন্টে ভালো করা সম্ভব বলে মনে করছেন সানা। তিনি বলেন, "আমাদের দলে বেশ কয়েকজন ভালো স্পিনার ও পেসার রয়েছেন। দলের ব্যাটসম্যানরাও বেশ ভালো। অলরাউন্ডাররা আমাদের শক্তি অনেকখানি বাড়িয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৫৬ ঘ.
bdnews24