ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএল'র দল চালানোর অর্থ কোথা থেকে আসছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখ খানকে।
কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত ৫ নভেম্বর ভারতের ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কার্যালয়ে ডেকে নেওয়া হয় বলে টাইমস অফ ইন্ডিয়া জানায়।
ভারতের অর্থনৈতিক অনিয়ম ও মুদ্রাপাচারের ঘটনাগুলোর তদন্ত এ সংস্থাটি করে থাকে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, দুপুর সাড়ে ১২টার দিকে মুম্বাইয়ে ইডি কার্যালয়ে হাজির হন বলিউড তারকা শাহরুখ এবং অন্তত ছয় ঘণ্টা পর তাকে বেরিয়ে আসতে দেখা যায়।
এ বিষয়ে ইডি বা শাহরুখ মুখ না খুললেও বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি বলেছে, কলকাতা নাইট রাইডার্সের পেছনে শাহরুখের বিনিয়োগ নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়।
২০০৮ সালের জানুয়ারিতে সাড়ে ৭ কোটি ডলার মূল্যে ১০ বছরের জন্য দলটিকে কিনে নেন শাহরুখ।
আইপিএলে আর্থিক অনিয়মের অভিযোগ আগেই উঠেছে। এ লিগের রূপকার লোলিত মোদিকে চেয়ারম্যান পদ থেকে অপসারণও করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এছাড়া আইপিএলে বেশ কিছু বিদেশি ও বেনামি বিনিয়োগকারীর খোঁজ পাওয়া গেলে তা বিতর্ক আরো উস্কে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২৪৫ ঘ.
bdnews24