ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' মামলায় পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট দোষী সাব্যস্ত হওয়ায় ভীষণ দুঃখ পেয়েছেন তার পরিবারের সদস্যরা। তাই তার বোনের বিয়ে স্থগিত রাখা হয়েছে অনিদিষ্টকালের জন্য।
প্রতারণা ও অবৈধভাবে অর্থ নেয়ার ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণ হওয়ায় লন্ডনের একটি আদালত গত মঙ্গলবার বাটকে দোষী সাব্যস্ত করে। দু'দিন পর তাকে ৩০ মাসের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করা হয়। মামলায় দোষী সাব্যস্তদের মধ্যে আসিফকে ১২ মাসের, আমিরকে ৬ মাসের এবং তাদের এজেন্ট মাজহার মাজিদকে দেয়া হয় ৩২ মাসের কারাদণ্ড।
বিচারে এটিই প্রমাণ হয় যে, গত বছর লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে একটি নো-বল করেন আসিফ। দুটি নো-বল করার কথা স্বীকার করেন আমির। আর এতে নাটের গুরুর ভূমিকা পালন করেন সেই টেস্টের অধিনায়ক সালমান বাট।
বাটের বাবা জুলফিকার জানান, এই রায়ের বিরুদ্ধে তার ছেলের আইনজীবীরা আপিল করবেন। একই সঙ্গে মেয়ের বিয়ে স্থগিত রাখার কথাও জানান।
এ প্রসঙ্গে তিনি বলেন, "এ মাসে লাহোরে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছির। কিন্তু পরিবারের সবাই প্রচণ্ড কষ্ট পেয়েছেন বলে তার বিয়ে স্থগিত রাখা হয়েছে। আশা করছি, হবু জামাতা বিষয়টি বুঝতে পারবেন।"
বাটের পরিবারের সদস্যরা মনে করছেন, বাট নির্দোষ। তাকে বলির পাঠা বানানো হয়েছে।
এ ব্যাপারে বাটের বাবা বলেন, "ঘটনার সঙ্গে সালমানের জড়িত থাকার পাশাপাশি তার অর্থ নেয়ার প্রমাণ পাওয়া গেলে আমার ছেলে ও আমি প্রকাশ্যে ফাঁসিতে ঝুলতে রাজি আছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪২৩ ঘ.
bdnews24