ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' মামলায় পেসার মোহাম্মদ আসিফ দোষী সাব্যস্ত হওয়ার চারদিন আগে পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিক লন্ডন থেকে একটি টেলিফোন 'কল' পান। আসিফের পক্ষ থেকে তড়িঘড়ি করে লন্ডনে যাওয়ার অনুরোধ করা হয় তাকে। আসিফ চেয়েছিলেন তার সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্ক নতুন করে জোড়া লাগাতে। কিন্তু না করে দেন বীনা।
আসিফের সঙ্গে বীনার বিয়ে হয়নি। কিন্তু তারা একত্রে বসবাস করেন প্রায় দেড় বছর।
বীনা জানান, "আমাদের দু'জনেরই বন্ধু জাহিদ আলি সাব ২৬ অক্টোবর ফোন করে জানান যে আসিফ আমার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চায় সে (আসিফ)। "
"আমি না করে দেই। কিভাবে আমি ঘড়ির কাটাকে পেছনে ফিরিয়ে আনবো? আসিফ ও আমি চমৎকার কিন্তু বিক্ষুব্ধ জীবন-যাপন করেছি। আমরা ২০০৮ সাল পর্যন্ত একত্রে বসবাস করেছি। কিন্তু তার ম্যাচ পাতানোর কথা জানতে পেরে আমি তাকে ছেড়ে চলে যাই," যোগ করেন বীনা।
তিনি বলেন, "যখন একত্রে ছিলাম, তখন সে যা করছে সে ব্যাপারে আমি তাকে সতর্ক করে দেয়ার চেষ্টা করেছি। তাই আদালতের রায়ে একটুও অবাক হইনি।" এরপর আসিফের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
আসিফের সঙ্গে তার সম্পর্ক এখনো মরে যায়নি বলে স্বীকার করে অভিনেত্রী বলেন, "আসিফের প্রতি আমার টানের কথা অস্বীকার করছি না।" একই সঙ্গে তিনি যোগ করেন, "ওর সঙ্গে আমার যেভাবে সময় কেটেছে তা নিঃসন্দেহে 'স্পেশাল'। কিন্তু আমি এগিয়ে গেছি।" সাবেক ছেলে বন্ধুদের কারো প্রতি তার গভীর কোনো টান নেই বলে বীনা জানান।
তিনি বলেন, "সংসার জীবনে আসিফ সুখি। তার স্ত্রী সানাকেও আমি ভালোভাবেই চিনি। তাদের বিয়ের পরপরই সানা টেলিফোন করে আসিফের সঙ্গে আমার সম্পর্ক প্রসঙ্গে জানতে চান। জবাবে আমি তাকে বিবাহিত-জীবনের প্রতি মনোযোগ দিতে বলি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২১ ঘ.
bdnews24