২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইলেন অনুতপ্ত আমির

'স্পট ফিক্সিং'-এর সঙ্গে জড়িয়ে ক্রিকেটকে কলঙ্কিত করায় সবার কাছে ক্ষমা চাইলেন মোহাম্মদ আমির। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং'-এর সঙ্গে জড়িয়ে ক্রিকেটকে কলঙ্কিত করায় সবার কাছে ক্ষমা চাইলেন মোহাম্মদ আমির। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ৫০ উইকেট নেয়া আমির জানান, ফাঁদে পড়েই 'স্পট ফিক্সিং'-এর সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। আদালত যে শাস্তি দেবেন তা মাথা পেতে নিতে রাজি আছেন বলেও জানান তিনি। বৃহস্পতিবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আমিরকে। রায় ঘোষণার আগেই বুধবার একটি বিবৃতি দেন আমির। এই বিবৃতিতে ক্ষমা চেয়ে তিনি বলেন, "আমার স্বপ্ন ছিলো বিশ্ব সেরা ক্রিকেটার হওয়ার। ক্রিকেট আর আমাকে সত্যিই চায় কি না তা বুঝতে পারছি না। পাকিস্তান ও ক্রিকেট বিশ্বের কাছে আমি ক্ষমাপ্রার্থী।" "পৃথিবীতে আমি ক্রিকেটকেই সবচেয়ে বেশি ভালোবাসি। এর (স্পট ফিক্সিং) কারণে ক্রিকেটের কতটা ক্ষতি হলো, তা আমার জানা নেই," যোগ করেন তিনি। পাকিস্তানের জাতীয় দলে প্রথম বারের মতো ডাক পাওয়ার কথা আজও ভুলতে পারেননি আমির। তিনি বলেন, "যে দিন পাকিস্তানের হয়ে খেলার জন্য প্রথম বারের মতো আমাকে নির্বাচন করা হয়েছিলো সে দিনটাই ছিলো আমার জীবনের সেরা দিন। মাঠে নামার আগের দিন আমার শার্ট পেলাম। সেই শার্ট পরে দীর্ঘ সময় আয়নার সামনে দাঁড়িয়ে ছিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না যে পাকিস্তানের হয়ে খেলবো।" গত বছরের অগাস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে দুটো নো বল করার কথা স্বীকার করেন আমির। যদিও তার অভিযোগ, চাপ পড়েই অন্যায়টা করতে বাধ্য হয়েছিলেন তিনি। তিনি আরো জানান, সাহসের অভাবেই এতদিন এই অন্যায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি। তবে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর এখন নাকি তিনি অনেকটাই নির্ভার। আমির বলেন,"আমি না বুঝেই এর সঙ্গে জড়িয়ে পড়ি। ভয় পেয়ে ভুল কাজটি করি। তবে এজন্য কাউকে দায়ী করতে চাই না। আমি অর্থের লোভে নো বল করিনি। আমি ফাঁদে পড়েছিলাম। এখন মনে হচ্ছে সব কিছুর পেছনে আমার বোকামিই দায়ী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০১৪ঘ.