২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামি আর বিশুর উচ্ছ্বাস

৮ বছর পর বিদেশের মাটিতে এটাই ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট সিরিজ জয়। এই জয়ে দলকে নেতৃত্ব দিতে পেরে দারুণ খুশি ড্যারেন স্যামি। টেস্টে প্রথম বারের মতো ইনিংসে ৫ উইকেট নেয়া দেবেন্দ্র বিশুও উচ্ছ্বসিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৮ বছর পর বিদেশের মাটিতে এটাই ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট সিরিজ জয়। এই জয়ে দলকে নেতৃত্ব দিতে পেরে দারুণ খুশি ড্যারেন স্যামি। টেস্টে প্রথম বারের মতো ইনিংসে ৫ উইকেট নেয়া দেবেন্দ্র বিশুও উচ্ছ্বসিত। বুধবার খেলা শেষে সংবাদ সম্মেলনে স্যামি বলেন, "বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেট ছুড়ে দিয়ে আসেননি। জয়ের জন্য আমাদের জোর লড়াই করতে হয়েছে।" "তামিম ইকবাল, সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ওদের ২৭৮ রানে অলআউট করার পুরো কৃতিত্ব আমাদের বোলারদের," যোগ করেন তিনি। বাংলাদেশের ব্যাটিং বিস্মিতই করেছে স্যামিকে। তিনি বলেন, "এ ধরনের পরিবেশ-পরিস্থিতিতে কিভাবে ব্যাট করা উচিৎ তা বাংলাদেশেরই ভালো জানা থাকার কথা। উইকেট একেবারে সমান হলেও তারা একটু বেশিই শট খেলেছেন। আর বেশি শট খেলার মানেই আউট হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়া।" বৃহস্পতিবার সকালে তিনটি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলতে ভারতে রওনা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতে দলের কাছে প্রত্যাশা সম্পর্কে স্যামি বলেন, "ভারতের পরিবেশ-পরিস্থিতি প্রায় এখানকার মতোই। সেখানেও আমাদের অনেক রান করতে হবে।" "সেই সঙ্গে বোলারদেরও সুশৃঙ্খল বোলিং করতে হবে। টেস্ট জিততে সব বিভাগেরই ভালো খেলা দরকার," যোগ করেন তিনি। অধিনায়কের সঙ্গে সংবাদ সম্মেলনে এসেছিলেন বিশুও। তিনি বলেন, "ভালো করার ব্যাপারে আমার আত্মবিশ্বাস ছিলো। এই সফরের আগে কঠোর পরিশ্রমও করেছি।" "উইকেট থেকে তেমন সুবিধা পাইনি। অধিনায়ক বলেছিলেন সঠিক লাইন-লেন্থে বল করতে। সেটা করেছি বলেই সাফল্য পেয়েছি," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২৫ঘ.