ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চতুর্থ দিনের খেলা শেষে জয়ের লক্ষ্যের কথা জানালেও ড্র-ও করতে পারেনি বাংলাদেশ। বুধবার পঞ্চম ও শেষ দিনে মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ পর ২৭৮ রানে শেষ হয়ে গেছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ২২৯ রানের জয়ের সুবাদে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
চট্টগ্রামে প্রথম টেস্ট অমীমাংসিত ছিলো। ২০০৩ সালের পর এই প্রথম দেশের বাইরে টেস্ট সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। আর ২০০৮ সালের পর বিদেশের মাটিতে এটাই তাদের প্রথম টেস্ট জয়।
জয়ের জন্য শেষ দিন বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৪৪ রান, ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট।
৩ উইকেটে ১৬৪ রান নিয়ে ব্যাট করতে নামা স্বাগতিকদের শুরুটা একদমই ভালো হয়নি।
প্রথম সেশনে ৯৯ রান পেলেও তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
চতুর্থ দিন শেষে ৮২ রানে অপরাজিত ছিলেন তামিম। কিন্তু বুধবার আর মাত্র এক রান করেই আউট হয়ে যান তিনি। দেবেন্দ্র বিশুকে কাভার ড্রাইভ করতে চেয়েছিলেন তামিম। কিন্তু ঠিকমতো খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে দাঁড়ানো ড্যারেন স্যামির কাছে। ক্যাচটি নিতে কোনো অসুবিধা হয়নি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। দিনের তৃতীয় ওভারেই তামিমকে হারিয়ে বাংলাদেশ তখন ১৬৮/৪।
তামিম ফিরে গেলেও মুশফিক ও সাকিবের দৃঢ়তায় ড্র করার স্বপ্ন দেখতে পারছিলো বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে দুজনের অবদান ৮৮ রান। তবে সাকিবের বিদায়ের মাধ্যমে স্বাগতিকদের স্বপ্নভঙ্গেরও সূচনা। টেস্টে অষ্টম অর্ধশতক করার খানিকক্ষণ পর স্যামির বলে শিবনারায়ন চন্দরপলের হাতে ধরা পড়েন সাকিব (৫৫)। ৭০ বলের ইনিংসটিতে ৭টি চার।
সাকিবের বিদায়ের পর হঠাৎ করেই ধ্বংসস্তুপে পরিণত হয় বাংলাদেশ। আর মাত্র ২২ রান যোগ করে শেষ ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। শুরু থেকে আস্থার সঙ্গে খেলা অধিনায়ক মুশফিকও দলকে বাঁচাতে পারেননি।
বিশুর মারাত্মক টার্নে পরাস্ত হয়ে বোল্ড হওয়ার আগে ৬৯ রান করেন মুশফিক। ১০৯ বল স্থায়ী মুশফিকের অষ্টম অর্ধশতকের ইনিংসে চারের সংখ্যা ৯টি।
অধিনায়কও আউট হয়ে যাওয়ায় মধ্যাহ্ন-বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিলো ৬ উইকেটে ২৬৩ রান।
মধ্যাহ্ন-বিরতির পর আবারও আঘাত হানেন বিশু। তিন বলের ব্যবধানে তিনি ফিরিয়ে দেন নাসির হোসেন (৩) আর সোহরাওয়ার্দী শুভকে (০)। ফ্লিপার বুঝতে না পেরে এলবিডব্লি¬উর ফাঁদে পড়েন নাসির। আর কাট করতে গিয়ে স্যামিকে ক্যাচ দেন শুভ।
এরপর নাঈমকেও (৩) এলবিডব্লি¬উর ফাঁদে ফেলে নিজের পঞ্চম উইকেট নেন বিশু। ওয়েস্ট ইন্ডিজের এই লেগস্পিনারের টেস্টে এটাই প্রথম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার। এই প্রাপ্তির পেছনে তার খরচ ৯০ রান।
একমাত্র টি-টোয়েন্টিতে জিতলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছিলো ২-১ ব্যবধানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/এএআর/১৫৫৩ ঘ.
bdnews24